আলীম শান্তি কমিটিতে ছিলেন না: আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। যুক্তি উপস্থাপনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার আসামিপক্ষ দাবি করেছে, মুক্তিযুদ্ধকালে আলীম শান্তি কমিটি, রাজাকার বাহিনীর সঙ্গে জড়িত ছিলেন না।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল আলীমের পক্ষে যুক্তি দেন আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
যুক্তিতে আহসানুল হক বলেন, রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতে একাত্তরে মুক্তিযুদ্ধকালে জয়পুরহাটে দুই ধরনের শান্তি কমিটি গঠিত হওয়ার কথা উল্লেখ করেছে। কিন্তু রাষ্ট্রপক্ষের সাক্ষীরা তাঁদের সাক্ষ্যে এ কথা বলেননি। এ ছাড়া রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষ্যে ও দাখিল করা নথিতে আলীমকে জয়পুরহাট শান্তি কমিটির চেয়ারম্যান হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
আইনজীবী বলেন, রাষ্ট্রপক্ষ আলীমকে রাজাকার কমান্ডার বলেছে। কিন্তু তাদের দাখিল করা নথির মাধ্যমে এটি প্রমাণিত হয় না। জয়পুরহাটের রাজাকারদের তালিকা অনুসারে সেখানে রাজাকার কমান্ডার ছিলেন আফজাল উদ্দিন মিয়া।
যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।