আলীমকে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের সারসংক্ষেপ ১১ মার্চের মধ্যে জমা দিতে আপিলকারীকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

গত ৭ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন তুহিন আলীমের পক্ষে ১৪৬ পৃষ্ঠার আপিল আবেদন জমা দেন। আবেদনের সঙ্গে দুই হাজার ৮৭৮ পৃষ্ঠার সংশ্লিষ্ট নথিপত্র সংযুক্ত করে জমা দেওয়া হয়। আপিলে তাঁকে খালাসের আবেদন জানানো হয়। তবে আবদুল আলীমকে দেওয়া সাজার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।

আপিলের সারসংক্ষেপ দাখিলের বিষয়ে আদেশের জন্য বিষয়টি আজ আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় ‘আবদুল আলীম বনাম চিফ প্রসিকিউটর ’ নামে ১ নম্বর ক্রমিকে ছিল।

সকালে আবদুল আলীমের পক্ষে নিয়োজিত আইনজীবী চার সপ্তাহ সময় চেয়ে আবেদন করলে আদালত ওই নির্দেশ দেন।

এ ব্যাপার আলীমের কৌঁসুলি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আপিলের সারসংক্ষেপ দাখিলের জন্য চার সপ্তাহ সময় চাওয়া হয়েছিল। আদালত দুই সপ্তাহ মঞ্জুর করেছেন।

গত ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলীমকে মৃত্যু পর্যন্ত কারাগারে থাকার সাজা দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটনের দায়ে আলীমের সর্বোচ্চ সাজা প্রাপ্য। কিন্তু ৮৩ বছর বয়সী আলীমের শারীরিক অবস্থা দুর্বল। তিনি অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না, তাঁর হুইলচেয়ার লাগে এবং বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। এই শারীরিক অবস্থায় আলীমের সর্বোচ্চ সাজা লাঘব করে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেন ট্রাইব্যুনাল।

আলীমের পক্ষে আপিল আবেদনে বলা হয়েছে, একাত্তরে আলীম কোনো ধরনের মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের মিথ্যা শোনা সাক্ষ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাঁকে ভুল করে দোষী সাব্যস্ত করেছেন। এ জন্য আলীমকে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড থেকে খালাস দেওয়া হোক।