একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমকে তাঁর করা আপিলের সারসংক্ষেপ আগামী ১১ মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
গত বছরের ৭ নভেম্বর আলীমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন ১৪৬ পৃষ্ঠার আপিল আবেদন জমা দেন। আবেদনের সঙ্গে দুই হাজার ৮৭৮ পৃষ্ঠার সংশ্লিষ্ট নথি সংযুক্ত করা হয়। আপিলে তাঁকে খালাসের আবেদন জানানো হয়। গত বছরের ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলীমকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেন।
এদিকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেছে। গতকাল সকালে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। এরপর রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম