মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমকে নিরাপত্তা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।এদিকে আলীমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মো. মোজাম্মেল হোসেনকে গতকাল জেরা শেষ করেছে আসামিপক্ষ।আলীমকে নিরাপত্তা দেওয়া-সংক্রান্ত আদেশে ট্রাইব্যুনাল বলেন, আলীমের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলাকালে তাঁর যাতায়াতের পথে পুলিশি নিরাপত্তাব্যবস্থা থাকবে এবং তাঁর বনানীর বাসা সার্বক্ষণিক পুলিশি নজরদারির মধ্যে থাকবে। ট্রাইব্যুনাল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে এ আদেশ পাওয়ার পর এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত গত বুধবার আবদুল আলীমকে নিরাপত্তা হেফাজতে দেওয়ার জন্য ট্রাইব্যুনালে আবেদন করেন। আবেদনে জামিনে থাকা আলীমের ওপর হামলা হতে পারে, এমন আশঙ্কা জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। শুনানিকালে ট্রাইব্যুনাল আলীমকে পুলিশি নিরাপত্তা দেওয়ার কথা বললে তাতে রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষ ও আলীম আপত্তি জানাননি। শুনানি শেষে আদেশের জন্য ট্রাইব্যুনাল গতকাল দিন ধার্য করেছিলেন।শারীরিক অসুস্থতার জন্য ২০১১ সালের ৩১ মার্চ থেকে জামিনে থাকা আলীম মামলার কার্যক্রমের দিনে ট্রাইব্যুনালে হাজির থাকছেন। গতকালও হাজির ছিলেন।মোজাম্মেল হোসেনকে জেরা শেষ: নিরাপত্তা দেওয়া-সংক্রান্ত আদেশের পর আলীমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মোজাম্মেল হোসেনকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক।আইনজীবী প্রশ্ন করেন, একাত্তরে আপনাকে আটকের পর তালিকা ধরে নাম ডাকার সময় আপনাকে কত নম্বরে ডাকা হয়েছিল? জবাবে সাক্ষী বলেন, এটা তাঁর মনে নেই। আলীমের দেওয়া তালিকাটি রিয়াজ মৃধার কাছে কবে যায় বলতে পারবেন—এ প্রশ্নে সাক্ষী বলেন, না।আইনজীবী মত (সাজেশন) দেন, রিয়াজ মৃধাকে আলীমের তালিকা দেওয়া এবং ওই তালিকা ধরে সাক্ষীর নাম ডাকার কথা ঠিক নয়। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।জেরার শেষ পর্যায়ে আইনজীবী মত দেন, আপনি (সাক্ষী) আলীমের বিরুদ্ধে রাজনৈতিক কারণে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।মোজাম্মেলের জেরা শেষে এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৮ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।