আলীমকে বাসভবনে জিজ্ঞাসাবাদের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের জন্য বিএনপির নেতা আবদুল আলীমকে তাঁর ঢাকার বাসভবনে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন।গতকাল আলীম তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ট্রাইব্যুনালে হাজির হন। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টার দিকে শুনানি শুরু হয়।প্রথমে আলীমকে ধানমন্ডির সেফ হোমে (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে করা আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আলীমকে তাঁর বনানীর বাসায় জিজ্ঞাসাবাদ করতে ট্রাইব্যুনাল নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদের সময় এক ঘণ্টার বিরতি ও একজন চিকিৎসক রাখারও নির্দেশ দেওয়া হয়। নিউ এজ-এর বিরুদ্ধে রুলের শুনানি: আগামী ২৭ নভেম্বর ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশের বিষয়ে শুনানি হবে। পত্রিকাটির পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই দিন ধার্য করেন।১ অক্টোবর নিউ এজ-এ ‘এ ক্রুসিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।