আলীমের আপিল পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত আবদুল আলীমের আপিল পরিত্যক্ত ঘোষণা করেছেন আপিল বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আদালত আপিলটি অকার্যকর ঘোষণা করেছেন।
গত ৩০ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীম। তাঁর সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছিল।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ অক্টোবর আলীমকে আমৃত্যু কারাবাসের সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে আনা ১৭টি অভিযোগের মধ্যে নয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
রায়ে ট্রাইব্যুনাল বলেন, আসামি আবদুল আলীম একাত্তরে যে নিষ্ঠুর অপরাধ করেছেন, তাঁর একমাত্র সাজা মৃত্যুদণ্ড। কিন্তু তিনি শারীরিকভাবে অক্ষম ও অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। এ জন্য তাঁর মৃত্যুদণ্ডের সাজা লাঘব করে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়া হলো।
রায় ঘোষণার পর থেকে আলীম বিএসএমএমইউয়ের কারাকক্ষে (প্রিজন সেল) আটক ছিলেন। গত ২৬ আগস্ট রাতে তাঁকে হাসপাতালের কারাকক্ষ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। ওই সময় থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন আবদুল আলীম। তিনি মারা যাওয়ার পর আপিলটি আজ পরিত্যক্ত ঘোষণা করা হলো।
একাত্তরে কনভেনশন মুসলিম লীগের প্রভাবশালী নেতা আবদুল আলীম মুক্তিযুদ্ধকালে জয়পুরহাটে শান্তি কমিটি গড়ে তোলেন। তিনি ছিলেন ওই কমিটির সভাপতি। স্থানীয় পাট ব্যবসায়ী শাওনলাল বাজলার গদিঘর (বাণিজ্যিক দপ্তর) দখল করে সেখানে তিনি পাকিস্তানি সেনাদের ক্যাম্প, শান্তি কমিটির কার্যালয় ও রাজাকারদের প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলেছিলেন। ১৯৭৯ সালে তিনি বিএনপিতে যোগ দিয়ে সাংসদ নির্বাচিত হন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে তিনি মন্ত্রী হন।
মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার পর ২০১১ সালের ২৭ মার্চ আবদুল আলীমকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ৩১ মার্চ শারীরিক অবস্থার কারণে তাঁকে জামিন দেওয়া হয়। বিচারের পুরোটা সময় তিনি জামিনে ছিলেন। ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর আলীমের মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। ওই দিন তাঁর জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানো হয়।