আলীমের জামিন ১৬ অক্টোবর পর্যন্ত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপির নেতা আবদুল আলীমের জামিনের মেয়াদ আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।গতকাল ছিল আবদুল আলীমের ট্রাইব্যুনালে হাজিরার ধার্য দিন। সকাল সোয়া ১০টার দিকে তিনি ট্রাইব্যুনালে হাজির হন।শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা (প্রসিকিউশন) আবদুল আলীমের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেন। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, আলীমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের বিভিন্ন তথ্যপ্রমাণ পাওয়া গেছে। দেশের বাইরে থেকেও অনেক তথ্য-উপাত্ত আসছে। তাই তদন্তের সময় বাড়ানো দরকার।ট্রাইব্যুনাল আলীমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বা অগ্রগতি প্রতিবেদন জমা দিতে আগামী ১৬ অক্টোবর দিন ধার্য করেন। ওই দিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। তত দিন পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বহাল থাকবে।আবদুল আলীমকে গত ২৭ মার্চ গ্রেপ্তার করা হয়। শারীরিক অসুস্থতার জন্য ৩১ মার্চ ট্রাইব্যুনাল তাঁর জামিন মঞ্জুর করেন।এ ছাড়া ১৯ জুলাই জামায়াতে ইসলামীর এক সংবাদ সম্মেলনের বিষয় গতকাল ট্রাইব্যুনালের নজরে আনেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম। ওই সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘তথাকথিত যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ পাঁচ নেতার বিচারের নামে প্রহসন চলছে।’ সংবাদ সম্মেলনের এই লিখিত বক্তব্যটি ট্রাইব্যুনালকে দেখিয়ে জেয়াদ আল মালুম বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার সম্পর্কে এ ধরনের মন্তব্য করার এখতিয়ার কারও নেই।এ সময় ট্রাইব্যুনাল বলেন, সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের অনুলিপি কোনো পাবলিক ডকুমেন্টস (জনসমক্ষে প্রকাশিত কোনো ভাষ্য) নয়। পত্রিকার সংবাদসহ ওই বিষয়ে আবেদন করা হলে ট্রাইব্যুনাল বিবেচনা করবে।