আলীমের দেওয়া তালিকা দেখে পাকিস্তানি সেনারা নির্যাতন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মো. মোজাম্মেল হোসেন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে আলীমের দেওয়া তালিকা দেখে পাকিস্তানি সেনারা তাঁদের নির্যাতন করে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মোজাম্মেল হোসেনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।জবানবন্দিতে মোজাম্মেল হোসেন বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের সদর উপজেলার চরবরকত গ্রামের সোনারপাড়ায়। একাত্তরে তাঁর বয়স ছিল ২২-২৩ বছর। মুক্তিযুদ্ধকালে রাজাকার কমান্ডার ও মুসলিম লীগের নেতা আলীমের নির্দেশে তাঁর সহচররা তাঁদের (সাক্ষীসহ অন্যদের) ওপর নির্যাতন চালায়। তিনি বলেন, আষাঢ় মাসের প্রথম সপ্তাহে তিনি জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখেন, পাকিস্তানি সেনাদের নিয়ে শান্তি কমিটির সদস্য রিয়াজ মৃধা দাঁড়িয়ে আছে। তারা তিনিসহ ২১ জন মুসল্লিকে পাকিস্তানি সেনাদের উল্টে যাওয়া ট্রাক তুলতে তাদের সঙ্গে যেতে বলে।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, ট্রাকটি তোলার পর তাঁদেরসহ আরও কয়েকজনকে আধা মাইল দূরে চকপাহুনন্দা গ্রামের আফাজের বাড়িতে নিয়ে তিন লাইনে দাঁড় করানো হয়। সেখানে রিয়াজ মৃধা পকেট থেকে একটি তালিকা বের করে সেনাদের দিয়ে উর্দুতে বলেন, তালিকাটি আলীম দিয়েছেন। সেই তালিকা ধরে ২৮ জনকে রেখে অন্যদের ছেড়ে দেওয়া হয়। তালিকায় তাঁরও (সাক্ষী) নাম ছিল। পরে তাঁদের দিয়ে আফাজের বাড়ির পাশে একটি বড় গর্ত করানো হয়। আটককৃতদের থেকে আটজন আটজন করে নিয়ে তাঁদের একে একে বড় দা দিয়ে কোপ দিয়ে গর্তে ফেলা হয়। সবশেষে তাঁকেসহ ছয়জনকে নিয়েও কোপ দিয়ে গর্তে ফেলা হয়। তাঁর ঘাড়ে ও গলায় কোপ লাগে, তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরলে দেখেন, আশপাশে কয়েকজন জখম অবস্থায় গোঙাচ্ছেন। তিনি সেখান থেকে উঠে ভারতে চলে যান। সেখানে একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে পিরিচপুর শরণার্থী শিবিরে গেলে তাঁর সঙ্গে আহত ওই পাঁচজনের দেখা হয়। তাঁরা হলেন সোলেমান, বাহার, মোয়াজ্জেম, আবেদ ও হারিজ মিয়া। তাঁরা ছয়জন বাদে অপর ২২ জনকে ওই গর্তে গণকবর দেওয়া হয়।মোজাম্মেল হোসেন বলেন, ‘আমরা আওয়ামী লীগ করতাম আর আলীম ও রিয়াজ মৃধা মুসলিম লীগ করতেন বলে আমাদের পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়া হয়েছিল।’জবানবন্দি শেষে মোজাম্মেলকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।