মানবতাবিরোধী অপরাধের বিচার: জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের সাক্ষী হামিদ
আলীমের নির্দেশে পাকিস্তানি সেনারা ১১ জনকে হত্যা করে

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী মো. আবদুল হামিদ সাকিদার (৫৮)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে আলীমের নির্দেশে পাকিস্তানি সেনারা জয়পুরহাটের বারঘাটি পুকুরের পাশে ১১ জনকে গুলি করে হত্যা করে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবদুল হামিদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
জবানবন্দিতে আবদুল হামিদ বলেন, তাঁর বাড়ি জয়পুরহাট সদর থানায়। আলীম ছিলেন জয়পুরহাটের মুসলিম লীগের নেতা। একাত্তরে তিনি জয়পুরহাটে শান্তি কমিটি প্রতিষ্ঠা করেন এবং এর চেয়ারম্যান ছিলেন। তিনি মুসলীম লীগ এবং জামায়াতে ইসলামীর সদস্যদের নিয়ে শাওন লাল বাজলার গদিঘর দখল করেন। সেখানে রাজাকারদের প্রশিক্ষণ দেওয়া হতো এবং পাকিস্তানি সেনাদের ক্যাম্প স্থাপন করা হয়। আলীমের নির্দেশে পাকিস্তানি সেনা ও রাজাকার বাহিনী গ্রামে গ্রামে অগ্নিসংযোগ এবং লোকজনকে ধরে নিয়ে গুলি করে হত্যা করত।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একদিন মুখে কালি মাখা ১১ জনকে আলীম, পাকিস্তানি সেনা ও রাজাকাররা ধরে জয়পুরহাটের বারঘাটি পুকুরের উত্তর পাশে নিয়ে যায়। এ সময় আলীমের নির্দেশে পাকিস্তানি সেনারা ওই ১১ জনকে গুলি করে হত্যা করে। তাঁদের লাশ পুকুরের পাশে আম ও লিচুগাছের নিচে পুঁতে রাখা হয়। দেশ স্বাধীন হওয়ার চার-পাঁচ মাস পর তাঁরা ওই পুকুরে জাল ফেললে ১০০-১৫০টি কঙ্কাল উঠে আসে। ওই পুকুরটির মালিক ছিলেন তাঁরা।
জবানবন্দি শেষ হলে আবদুল হামিদকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। একটি প্রশ্ন করার পর জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।