আলীমের পক্ষে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার আলীমের পক্ষে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক ও তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন শুরু করেন। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
যুক্তি উপস্থাপনের শুরুতে তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ তাঁদের যুক্তিতে আলীমকে অপরাধের কম্পাস বলেছেন। কিন্তু এটির কোনো আইনগত ভিত্তি নেই। সাক্ষ্যের সঙ্গে এই কথার কোনো সংযোগ নেই। আলীম অত্যন্ত মেধাবী। তিনি একজন জনপ্রতিনিধি ও আইনজীবী। জীবনে একটি নির্বাচন ছাড়া তিনি প্রতিটি নির্বাচনেই জয়লাভ করেছেন। জয়পুরহাটের উন্নয়নে তাঁর অনেক ভূমিকা। তিনি ভাষাসৈনিকও ছিলেন।
আইনজীবী বলেন, রাষ্ট্রপক্ষ আলীমকে শান্তি কমিটির প্রধান, রাজাকার কমান্ডার এবং জয়পুরহাটের বেসামরিক প্রধান বলেছেন। তাঁর বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধকালে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে কিন্তু তিনি এগুলোর সঙ্গে জড়িত নন। তিনি একাত্তরে জয়পুরহাটে আত্মগোপন করে ছিলেন।
যুক্তি উপস্থাপনের এ পর্যায়ে আলীমের বিরুদ্ধে ১৯৭২ সালের দালাল আইনে বিচারের প্রসঙ্গ এনে তাজুল ইসলাম বলেন, ওই সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি অব্যাহতি পেয়েছিলেন। বর্তমানে একই অভিযোগে তাঁর বিচার চলছে। আলীমের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক কারণে করা হয়েছে বলে উল্লেখ করেন আইনজীবী।
তাজুল ইসলামের যুক্তি উপস্থাপন শেষে আহসানুল হক যুক্তি দেওয়া শুরু করেন। তিনি ট্রাইব্যুনালের আইনসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এ মামলায় গত ১১ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি দেয়। ওই দিন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ একাত্তরে মুক্তিযুদ্ধকালে জয়পুরহাটে আলীমকে অপরাধের কম্পাস বলেন।