আলীমের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলা
মানবতাবিরোধী অপরাধের মামলা

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের শেষ সাক্ষী হিসেবে গতকাল সোমবার তাঁর ছেলে সাজ্জাদ বিন আলীমের (৪৭) সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। জবানবন্দিতে তিনি দাবি করেন, তাঁর বাবা একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না।
বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাজ্জাদ বিন আলীমের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
আসামিপক্ষের তৃতীয় সাক্ষী সাজ্জাদ জবানবন্দিতে বলেন, একাত্তরে তাঁর বয়স ছিল পাঁচ-ছয় বছর। তাঁর বাবা পাকিস্তানি সেনাদের সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় তাঁদের সবাইকে একাত্তরের ১৬ বা ১৭ এপ্রিল জয়পুরহাট শহরের পাশে আউসগারা গ্রামে পাঠিয়ে দেন। এর কয়েক দিন পর তাঁর বাবা জয়পুরহাট শহর থেকে অন্যত্র আত্মগোপন করেন। কিছুদিন পর মাসহ তাঁরা ধামুইরহাট থানার ধুরইল গ্রামে যাওয়ার পর মা অসুস্থ হয়ে পড়েন। কিছুদিন পর তাঁরা সেখান থেকে জয়পুরহাটের বুম্বু ইউনিয়নের হানাইল মাদ্রাসার পাশে মুসা মাওলানার বাড়িতে চলে আসেন। ওই বাড়িতে যাওয়ার পর মা আরও বেশি অসুস্থ হলে বাবা মায়ের সেবাশুশ্রূষা করেন। দেশ স্বাধীন হওয়ার পর তাঁর মা মারা যান।
সাজ্জাদ বিন আলীম বলেন, তাঁর বাবা একাত্তরে শান্তি কমিটি বা রাজাকার বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না এবং এ ধরনের কোনো প্রতিবেদন একাত্তরের কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি। তিনি স্বাধীনতাবিরোধী বা হিন্দুবিরোধী কোনো বক্তব্য দিয়েছিলেন, এমন কোনো বক্তব্যও কোনো স্থানীয় বা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়নি। তাঁর বাবা একাত্তরে কোনো নির্বাচনে অংশ নেননি এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন না। তিনি কোনো দিন কোনো হিন্দুর জমি দখল করেননি এবং এ বিষয়ে কোনো হিন্দু তাঁর বিরুদ্ধে মামলাও করেনি। তাঁর বাবা বিএনপির একনিষ্ঠ কর্মী ও মন্ত্রী ছিলেন বলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
একপর্যায়ে আসামিপক্ষের সাক্ষী দাবি করেন, তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বায়ান্নর ভাষা আন্দোলনে জড়িত ছিলেন এবং এ জন্য তিনি জেল খেটেছেন। তিনি তিনবার সাংসদ, দুবার উপজেলা চেয়ারম্যান ও দুবার জয়পুরহাট পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ১৯৭৪ সালে তৎকালীন সরকার তাঁর বাবাকে জয়পুরহাট চিনিকলের পরিচালক নিয়োগ করেছিল।
জবানবন্দিতে সাজ্জাদ প্রদর্শনী হিসেবে বিভিন্ন পত্রিকার কিছু প্রতিবেদন, মুক্তিযুদ্ধবিষয়ক বই উপস্থাপন করেন।
জবানবন্দি শেষে সাজ্জাদকে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।