আলীমের পক্ষে যুক্তি আজ শেষ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষকে আজ বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এ নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক গতকাল আলীমের পক্ষে চতুর্থ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন। গতকাল তিনি আলীমের বিরুদ্ধে আনীত ৬ থেকে ১০ নম্বর অভিযোগের বিষয়ে যুক্তি দেন।

যুক্তি উপস্থাপনকালে আহসানুল হক দাবি করেন, এসব অভিযোগে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের দেওয়া জবানবন্দির সঙ্গে দালিলিক প্রমাণের মধ্যে অসংগতি রয়েছে।

পরে ট্রাইব্যুনাল এই মামলায় আজ বেলা তিনটার মধ্যে আসামিপক্ষকে যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষকে যুক্তি খণ্ডনের প্রস্তুতি রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাকে জেরা: এদিকে পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় একই ট্রাইব্যুনালে গতকাল রাষ্ট্রপক্ষের ২৫তম ও শেষ সাক্ষী তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমানকে জেরা করেছে আসামিপক্ষ।

আতাউর রহমানকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই। জেরায় এক প্রশ্নের জবাবে আতাউর বলেন, ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মুঈনুদ্দীন জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলেন।

সালমা হাই প্রশ্ন করেন, মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাদের সঙ্গে মুঈনুদ্দীনের সংশ্লিষ্টতার বিষয়ে কোনো দালিলিক প্রমাণ কি তদন্তকারী কর্মকর্তা সংগ্রহ করতে পেরেছেন? জবাবে সাক্ষী বলেন, দালিলিক প্রমাণ নেই, তবে জামায়াতের উচ্চপর্যায়ের সঙ্গে মুঈনুদ্দীনের যোগাযোগ ছিল।

প্রায় এক ঘণ্টা জেরার পর এই মামলার কার্যক্রম আজ পর্যন্ত মুলতবি করা হয়।