
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতা-বিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করেছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক ও তাজুল ইসলাম। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। আলীমের পক্ষে যুক্তি উপস্থাপনের শুরুতে তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতে আলীমকে অপরাধের কম্পাস বলেছে। কিন্তু এটির কোনো আইনগত ভিত্তি নেই। সাক্ষ্যের সঙ্গে এই কথার কোনো সংযোগ নেই। আলীম অত্যন্ত মেধাবী। তিনি জনপ্রতিনিধি ও আইনজীবী। জীবনে একটি নির্বাচন ছাড়া তিনি প্রতিটি নির্বাচনেই জয়লাভ করেছেন। জয়পুরহাটের উন্নয়নে তাঁর অনেক ভূমিকা। তিনি ভাষাসৈনিকও ছিলেন। তাজুল ইসলাম আরও বলেন, রাষ্ট্রপক্ষ আলীমকে শান্তি কমিটির প্রধান, রাজাকার কমান্ডার এবং জয়পুরহাটের বেসামরিক প্রধান বলেছেন। তাঁর বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধকালে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ আনা হয়েছে, কিন্তু তিনি এগুলোর সঙ্গে জড়িত নন। তিনি একাত্তরে জয়পুরহাটে আত্মগোপন করে ছিলেন। যুক্তি উপস্থাপনের এ পর্যায়ে তাজুল ইসলাম ১৯৭২ সালের দালাল আইনে আলীমের বিরুদ্ধে বিচারের প্রসঙ্গ টেনে বলেন, ওই সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি অব্যাহতি পেয়েছিলেন। বর্তমানে একই অভিযোগে তাঁর বিচার চলছে। আলীমের বিরুদ্ধে রাজনৈতিক কারণে এই মামলা করা হয়েছে।
তাজুল ইসলামের যুক্তি উপস্থাপন শেষে আহসানুল হক যুক্তি দেওয়া শুরু করেন। তিনি ট্রাইব্যুনাল আইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
এ মামলায় রাষ্ট্রপক্ষ ১১ সেপ্টেম্বর যুক্তি উপস্থাপন শেষ করে। রাষ্ট্রপক্ষ মোট চার কার্যদিবস যুক্তি দেয়। শেষ দিনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ একাত্তরে মুক্তিযুদ্ধকালে আলীমকে অপরাধের কম্পাস বলে অভিহিত করেন।
যুক্তি উপস্থাপন শেষে এ মামলার রায়ের দিন ধার্য করা হবে।