আলীমের পক্ষে যুক্তি উপস্থাপন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে। আসামিপক্ষ গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো যুক্তি দেয়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল আলীমের পক্ষে যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
যুক্তি উপস্থাপনকালে আহসানুল হক বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে জয়পুরহাট শহরে শাওনলাল বাজলার গদিঘর ছিল, এটা সত্য। কিন্তু ওই গদিঘরে আলীমের বিচরণের কথা সত্য নয়। রাষ্ট্রপক্ষ বলেছে, শাওনলাল বাজলার গদিঘরে শান্তি কমিটি, রাজাকার বাহিনীর ক্যাম্প ছিল এবং সেখানে পাকিস্তানি সেনাদের ক্যাম্পও স্থাপিত হয়েছিল। কিন্তু এর কোনোটাই সত্য নয়। এসব ঘটনা প্রমাণের জন্য সবচেয়ে বড় সাক্ষী ছিলেন শাওনলাল বাজলার পরিবারের সদস্যরা। কিন্তু রাষ্ট্রপক্ষ ওই পরিবারের কোনো সদস্যকে হাজির করতে পারেনি। তাই অন্য সাক্ষীদের সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে।
আহসানুল হক গতকাল আলীমের বিরুদ্ধে আনা প্রথম তিনটি অভিযোগের বিষয়ে যুক্তি দেন। যুক্তিতে তিনি বলেন, এই তিনটি অভিযোগের সঙ্গে আলীমের কোনো সম্পৃক্ততা নেই। রাষ্ট্রপক্ষ এসব অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তাকে দেওয়া রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জবানবন্দির সঙ্গে ট্রাইব্যুনালে তাঁদের দেওয়া জবানবন্দির পার্থক্য রয়েছে।
পরে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় ট্রাইব্যুনাল এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন।
রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী মো. আতাউর রহমানের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আতাউর গতকাল জবানবন্দি দিয়েছেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আতাউর রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দি দেওয়ার সময় রাষ্ট্রপক্ষের এই সাক্ষী একাত্তর সাল ও পরবর্তী সময়ের দৈনিক পূর্বদেশ, অবজারভার, ইত্তেফাক, দৈনিক বাংলা, আজাদসহ বিভিন্ন পত্রিকার ১২৯টি কাটিং ট্রাইব্যুনালে দাখিল করেন। তিনি আটটি বইও উপস্থাপন করেন। আতাউরের জবানবন্দি শেষে তাঁকে জেরার জন্য আজ বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।