বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর পক্ষে সাক্ষ্য গ্রহণ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। আলীমের পক্ষে প্রথম সাক্ষী হিসেবে গতকাল সাক্ষ্য দেন জয়পুরহাটের বাসিন্দা মামুনুর রশিদ চৌধুরী (৫৫)। জেরায় তিনি বলেছেন, একাত্তরে তিনি আলীমের নাম শোনেননি।বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামুনুর রশিদের জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিতে মামুনুর রশিদ বলেন, একাত্তরে তাঁরা সপরিবারে জয়পুরহাটের সিও কলোনিতে থাকতেন। একাত্তরের এপ্রিলের শেষ দিকে জয়পুরহাটে পাকিস্তানি সেনারা ঢোকে। এ সময় পাকিস্তানি সেনারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তিনি তাঁদের বাড়ির সামনে এলাকার বয়োজ্যেষ্ঠদের আলাপে শোনেন, সেনারা জয়পুরহাট থানা দখল করেছে এবং হারেছ মোল্লাকে (জয়পুরহাট পৌরসভার বর্তমান মেয়রের বাবা) হত্যা করেছে। জয়পুরহাটের শান্তি কমিটির চেয়ারম্যান আব্বাস আলী খান পাকিস্তানি সেনাদের সহায়তা করেন।জবানবন্দিতে আসামিপক্ষের এই সাক্ষী বলেন, তিনি তাঁদের বাড়ির পেছনে হাফিজ বিহারির বাড়িতে লোকজনের সমাগম দেখে বাবার কাছে কারণ জানতে চান। বাবা তাঁকে জানান, ওই বাড়িতে আব্বাস আলী খানের কার্যালয়। মে মাসের মাঝামাঝি তিনি ও তাঁর বাবা জয়পুরহাট শহরে শাওনলাল বাজলার গদিঘরে যান। এ সময় তিনি বাবার কাছে শোনেন শাওনলাল বাজলা মাড়োয়ারি। তিনি বাবার কাছে জানতে চান, পাকিস্তানি সেনাদের ব্যাপক হত্যাযজ্ঞের পরও শাওনলাল বাজলা কীভাবে এখনো জয়পুরহাটে আছেন? জবাবে বাবা তাঁকে বলেন, ‘এরা অনেক বড় মানুষ। এদের হাত অনেক লম্বা। চট্টগ্রামে তাঁদের প্রভাবশালী আত্মীয় আছেন। সে কারণে তাঁদের পাকিস্তানি সেনারা হত্যা বা নির্যাতন করেনি।’ তিনি শোনেন, একাত্তরে শান্তি কমিটির চেয়ারম্যান আব্বাস আলী খানের কাছে গেলে মুক্তি পাওয়া যেত।জবানবন্দি শেষে মামুনুর রশিদকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। একাত্তরে আপনি আবদুল আলীমকে চিনতেন?—কৌঁসুলির এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, একাত্তরে তিনি আবদুল আলীমের নাম শোনেননি। তবে আলীম মন্ত্রী হওয়ার পর তিনি তাঁর নাম শুনেছেন।কৌঁসুলি মত দেন, ‘আব্বাস আলী খান শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন না। আপনি ১৯৯৬ সাল থেকে জয়পুরহাট বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন এবং আলীমের গ্রুপে আছেন।’ জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। মামুনুর রশিদের জেরা শেষে এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।কায়সারকে জিজ্ঞাসাবাদের অনুমতি: একই ট্রাইব্যুনাল গতকাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদেশ অনুসারে তদন্ত কর্মকর্তা আগামী ১ সেপ্টেম্বর কায়সারের বনানীর বাসায় গিয়ে তাঁকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করবেন।