আলীমের পক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু ২৭ আগস্ট
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর পক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।এই মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী আলতাফুর রহমানকে আসামিপক্ষের জেরা শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী ও এই মামলার তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমানকে গতকাল সপ্তম ও শেষ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জেরার একপর্যায়ে আহসানুল হক মত (সাজেশন) দেন, ‘আপনি (তদন্ত কর্মকর্তা) সঠিকভাবে তদন্ত করেননি এবং যে ছবি ট্রাইব্যুনালে দাখিল করেছেন, তাতে আলীম ও পাকিস্তানি মেজর আফজাল নেই।’ জবাবে আলতাফুর রহমান বলেন, এটি সত্য নয়।জেরা শেষে আসামিপক্ষকে ২৭ আগস্ট থেকে তাদের সাক্ষী হাজির করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত বুধবার ট্রাইব্যুনাল আসামিপক্ষের সাক্ষীসংখ্যা তিনজনে নির্দিষ্ট করে দিয়েছেন। আসামিপক্ষ তিন হাজার ৩২৮ জন সাক্ষীর তালিকা দিয়েছিল।