আলীমের পক্ষে সাক্ষ্য দেবেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর পক্ষে তিনজন সাক্ষী সাক্ষ্য দেবেন।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার আসামিপক্ষের সাক্ষীসংখ্যা নির্দিষ্ট করে এ আদেশ দেন।

আসামিপক্ষ এ মামলায় তিন হাজার ৩২৮ জন সাক্ষীর তালিকা দিয়েছিল। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট করে দিতে ট্রাইব্যুনালে আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আসামিপক্ষের সাক্ষীসংখ্যা নির্দিষ্ট করে দেন। শারীরিক কারণে জামিনে থাকা আলীম গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমানকে গতকালও জেরা করেছে আসামিপক্ষ। আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক গতকাল তাঁকে ষষ্ঠ দিনের মতো জেরা করেন। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।

রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

কায়সারের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর: একই ট্রাইব্যুনাল গতকাল সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্তের অগ্রগতি প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্তের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। শারীরিক কারণে জামিনে থাকা কায়সার গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন।