আলীমের পক্ষে সাক্ষ্যগ্রহণ শুরু ২৭ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর পক্ষে সাক্ষ্যগ্রহণের তারিখ ২৭ আগস্ট ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তারিখ ধার্য করেন।

আলীমের পক্ষে তিনজন সাক্ষী সাক্ষ্য দেবেন। গতকাল বুধবার আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা নির্দিষ্ট করে দেন ট্রাইব্যুনাল-২। আসামিপক্ষ এ মামলায় তিন হাজার ৩২৮ জন সাক্ষীর তালিকা দিয়েছিল।

আজ এ মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমানকে জেরা শেষ করে আসামিপক্ষ। এরপর আলীমের পক্ষে সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল। আসামিপক্ষকে ২৭ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণে তাঁদের সাক্ষী হাজির করতে বলা হয়।

শারীরিক কারণে জামিনে থাকা আলীম আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন।