আলীমের পক্ষের যুক্তি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচার
মানবতাবিরোধী অপরাধের বিচার

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। আগামী রোববার রাষ্ট্রপক্ষের আইনগত জবাব দেওয়া শেষ হলে রায়ের দিন ধার্য করতে পারেন ট্রাইব্যুনাল। এর মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার বিচারকাজ শেষ হবে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল আলীমের পক্ষে পঞ্চম ও শেষ দিনের মতো যুক্তি দেন আসামিপক্ষের দুই আইনজীবী আহসানুল হক ও খলিলুর রহমান। যুক্তি উপস্থাপনকালে আলীমকে তাঁরা নির্দোষ দাবি করেন। শারীরিক কারণে জামিনে থাকা আলীম গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন।গতকাল আসামিপক্ষ আলীমের বিরুদ্ধে আনা ১১তম থেকে ১৭তম অভিযোগের বিষয়ে যুক্তি দেয়। আসামিপক্ষ ১৪তম অভিযোগের (ফজলুল করিম হত্যা) বিষয়ে ২০১১ সালে নিহতের ছোট ভাই আইনি ইলিয়াসের বিতরণ করা একটি প্রচারপত্র ট্রাইব্যুনালে দাখিল করে বলে, ওই প্রচারপত্রে তাঁর ভাই হত্যার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে আলীমের নাম নেই। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ওই প্রচারপত্রে পাকিস্তানি মেজর আফজালের নাম রয়েছে।যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষের আইনজীবী আরও বলেন, ১৭তম অভিযোগ অনুসারে তৎকালীন ইপিআরের (ইস্ট পাকিস্তান রাইফেলস) সুবেদার মেজর জব্বল হোসেনকে জয়পুরহাটে হত্যা করা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধে ইপিআরের শহীদ সদস্যদের তালিকায় দেখা গেছে, জব্বল হোসেন ঢাকায় শহীদ হয়েছেন। আসামিপক্ষ দাবি করে, রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য ও দাখিল করা নথির মধ্যে অসংগতি রয়েছে। এক সাক্ষীর সাক্ষ্য আরেক সাক্ষীর সাক্ষ্যকে সমর্থন করেনি। তাই বলা যায়, আসামির বিরুদ্ধে আনা সব অভিযোগই রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আসামিপক্ষের আইনজীবীরা আলীমকে নির্দোষ দাবি করে সব অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আরজি জানান।

আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে আইনগত জবাব দেওয়ার জন্য রোববার দিন ধার্য করেন।

রাষ্ট্রপক্ষ ১১ সেপ্টেম্বর থেকে চার দিন যুক্তি দেয়। আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করে ১৫ সেপ্টেম্বর। গত বুধবার ট্রাইব্যুনাল আসামিপক্ষকে গতকাল বেলা তিনটার মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ দিয়েছিলেন। আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করে বেলা সাড়ে তিনটার দিকে। পরে রাষ্ট্রপক্ষের আইনগত যুক্তির জন্য দিন ধার্য করা হয়।

আতাউর রহমানকে জেরা চলছে: একই ট্রাইব্যুনালে পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মামলায় মুঈনুদ্দীনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কর্মকর্তা আতাউর রহমান খানকে গতকালও জেরা করে আসামিপক্ষ। গতকাল তাঁকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই। পরে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।