আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ১১ জুন
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী ১১ জুন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এ দিন ধার্য করেন।এই আদেশের আগে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন করে বক্তব্য দেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের দাখিল করা দুটি নথিতে আলীমকে শান্তি কমিটির চেয়ারম্যান উল্লেখ করা হয়েছে। আরেকটি নথিতে আব্বাস আলীর নেতৃত্বে শান্তি কমিটি গঠিত হওয়ার কথা বলা হয়েছে। যা পরস্পরবিরোধী। এরপর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বলেন, একাত্তরে আলীম পাকিস্তানিদের সহযোগী বাহিনীর সদস্য হিসেবে এবং নিজে ব্যক্তিগতভাবে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। আইনের শাসন ও গণতন্ত্র সমুন্নত রাখতে এই বিচার হওয়া জরুরি।মামলার অভিযোগের বিষয়ে দুপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেন। শারীরিক কারণে জামিনে থাকা আলীম গতকাল ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে আলীমকে গ্রেপ্তার করা হয়। শারীরিক কারণে ৩১ মার্চ তাঁকে জামিন দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চলতি বছরের ১৬ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরিত হওয়ার পর ২৪ এপ্রিল তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয়। ট্রাইব্যুনাল-২-ও তাঁকে শারীরিক কারণে জামিন দেন।সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ২৭ মে: জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে আসামিপক্ষের জেরা ২৭ মে (রোববার) পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল-১। আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল গতকাল এ দিন ধার্য করেন।এদিকে এ মামলার তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ১৫ সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের দেওয়া আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের জবাব রাষ্ট্রপক্ষকে ২৯ মের মধ্যে লিখিতভাবে দিতে বলেছেন ট্রাইব্যুনাল। এই আবেদনের ওপর শুনানিতে গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী বলেন, দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনে সাক্ষী-সংক্রান্ত যে প্রতিবেদন দেখানো হয়েছে, সেটি সঠিক নয়। তদন্ত কর্মকর্তা প্রতারণা করেছেন উল্লেখ করে দেওয়া আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য বেআইনি।আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক পরে পাল্টা যুক্তি দেন।