আলীমের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার জেরা চলছে
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আলতাফুর রহমানকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ। তিনি এ মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ রোববার আলতাফুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জামিনে থাকলেও আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
আইনজীবী প্রশ্ন করেন, আলীমের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আপনি একাত্তরে জয়পুরহাট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বা মুক্তিযোদ্ধা সংসদের কোনো কমান্ডারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন? জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, তিনি করেননি।
তদন্তকালে একাত্তরে জয়পুরহাট সদর থানায় কোনো লুটপাট বা অগ্নিসংযোগের তথ্য পেয়েছেন? জবাবে সাক্ষী বলেন, না।
আইনজীবী জানতে চান, শাওন লাল বাজলার ভাই বা ছেলেদের মধ্যে কাউকে পরীক্ষা করেছেন কী? জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, তিনি শাওন লাল বাজলার ছেলে কৃষ্ণ কুমার বাজলাকে জিজ্ঞাসাবাদ করেছেন ও তাঁর জবানবন্দি নিয়েছিলেন।
আইনজীবী মত (সাজেশন) দেন, একাত্তরে শাওন লাল বাজলার গদিঘরে শান্তি কমিটির কার্যালয়, রাজাকার বা পাকিস্তানি সেনাদের ক্যাম্প কিংবা কোনো প্রশিক্ষণ কেন্দ্র ছিল না। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, এটা সত্য নয়।
আইনজীবী তদন্ত কর্মকর্তাকে জয়পুরহাট শহরের বিভিন্ন স্থানের অবস্থান, মুসলিম লীগ ও শান্তি কমিটি সংক্রান্ত প্রশ্ন করেন।
জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আলতাফুর রহমান গত ২৫ জুলাই জবানবন্দি দেওয়া শেষ করেন।