আলীমের বিরুদ্ধে ত্রয়োদশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের ত্রয়োদশ সাক্ষী কাজী এজাজ আহমেদের জেরা শেষ হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এজাজকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আসামি আবদুল আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। একাত্তরের কোন দিন আপনার বড় ফুফু (ফাতেমা) আপনাদের বাড়িতে আসেন—আইনজীবীর এ প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী এজাজ আহমেদ বলেন, ২৭ জুলাই। বাড়ি থেকে জয়পুরহাট রেলস্টেশন কোন দিকে, কত দূরে—এ প্রশ্নে তিনি বলেন, ‘উত্তর-পশ্চিম কোণে, এক কিলোমিটার দূরে। তেঘর সেতু থেকে বাড়ির দূরত্ব কত কিলোমিটার—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এক কিলোমিটার।বাবা জয়পুরহাটের প্যানেল চেয়ারম্যান ছিলেন কি না—এ প্রশ্নের ইতিবাচক জবাব দেন সাক্ষী।এজাজের দাদা বিহারি ও পাকিস্তানি সেনাদের ভয়ে তাঁর (এজাজ) ফুফুর বাড়িতে গিয়েছিলেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ’।এ সময় আইনজীবী মত দেন ঘটনার সময় এজাজের ফুফু নিজ বাড়িতে ছিলেন না। এর জবাবে এজাজ তা সত্য নয় বলে দাবি করেন। ঘটনার সময় এজাজের দাদাকে দেখতে পাওয়ার কথা সঠিক নয় এবং তিনি রাষ্ট্রপক্ষের শেখানো মতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন আইনজীবী এ অভিমতের জবাবে তিনি বলেন, এটা সত্য নয়। জেরা শেষে এ মামলার কার্যক্রম আগামী ৮ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।মুজাহিদের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ২৭ মার্চ: ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ২৭ মার্চ দিন ধার্য করেছেন। মায়ের মৃত্যুতে গতকাল আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ট্রাইব্যুনালে না এলে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।