আলীমের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ৫ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে পারেনি। পরে সাক্ষী হাজির করতে আগামী ৫ জুন দিন পুনর্নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সেদিন রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালে বলেন, রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষীকে হাজির করা যায়নি। পরে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ৫ জুন দিন ধার্য করেন। শারীরিক কারণে জামিনে থাকা আলীম গতকাল ট্রাইব্যুনালে হাজির ছিলেন। ২২ মে এ মামলায় রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী মো. আবদুল হামিদ সাকিদারের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপন আজ: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের এক সহকারী আইনজীবী গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালে জানান, মুজাহিদের পক্ষে যুক্তি উপস্থাপনকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান ‘ব্যক্তিগত কারণে’ ট্রাইব্যুনালে আসতে পারেননি। পরে ট্রাইব্যুনাল এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন।