আলীমের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য ২৩ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণে ২৩ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় হাজির ছিলেন।গতকাল রাষ্ট্রপক্ষ তাদের ১৬তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে কোনো সাক্ষী হাজির করতে পারেনি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বিষয়টি জানালে ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনাল-২-এ এখন মামলার সংখ্যা কম। এভাবে ধার্য দিনে সাক্ষীরা হাজির না হলে হাতে কোনো কাজ থাকে না। ট্রাইব্যুনাল পরবর্তী সময়ে যাতে ধারাবাহিকভাবে সাক্ষীরা হাজির হয় সে বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দেন। পরে এ মামলায় রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৩ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। ১০ এপ্রিল এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী মোজাম্মেল হোসেন জবানবন্দি দেন।আবদুর রাজ্জাক খানকে জেরা অব্যাহত: একই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। গতকাল তাঁকে তৃতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় ছিলেন। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করা হয়।