আলীমের বিরুদ্ধে মামলা ১৭ জুলাই পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম ১৭ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। আবদুল আলীমের আইনজীবী তাজুল ইসলাম গতকাল ট্রাইব্যুনালে বলেন, আলীম শারীরিকভাবে অসুস্থ। তাই এ মামলার কার্যক্রম কিছুদিন মুলতবির আবেদন জানান তিনি। ট্রাইব্যুনাল তাঁর আবেদন গ্রহণ করে ১৭ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করেন। এ মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের কথা ছিল।
জালালের বিরুদ্ধে অভিযোগের শুনানির দিন পুনর্নির্ধারণ: একই ট্রাইব্যুনাল গতকাল রাষ্ট্রপক্ষের সাক্ষী জহিরউদ্দিন জালালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানির দিন পুনর্নির্ধারণ করেছেন। গতকাল মুন্সি আহসান কবীরের পক্ষে আইনজীবী তাজুল ইসলাম শুনানির জন্য সময় চাইলে ট্রাইব্যুনাল ২১ জুলাই দিন ধার্য করেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আইনজীবী মুন্সি আহসান কবির ট্রাইব্যুনালে গত ২৮ মে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী জহিরউদ্দিন জালালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল এ-সংক্রান্ত আদেশে রাষ্ট্রপক্ষের ওই সাক্ষীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চান। জালাল জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায়ও রাষ্ট্রপক্ষের সাক্ষী।