আলীমের বিরুদ্ধে মামলায় সাক্ষ্য দিলেন রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী সর্দার আবদুল হাফিজ।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাফিজের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

জবানবন্দিতে আবদুল হাফিজ বলেন, তাঁর বাড়ি জয়পুরহাট সদর থানায়। বর্তমানে তিনি জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি। একাত্তরে তিনি রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়ে পড়তেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মফিজ চৌধুরী, আব্বাস আলী খান ও আবদুল আলীম অংশ নেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মফিজ চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করেন। আলীম কোন দলের হয়ে নির্বাচন করেছিলেন, তা তিনি জানেন না।

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, মুক্তিযুদ্ধে তাঁর দুই ভাই সর্দার মোহাম্মদ আবদুল ওয়াজেদ ও সর্দার আবদুল আউয়াল অংশ নেওয়ার কারণে পাকিস্তানি সেনা ও স্থানীয় বিহারিরা একাত্তরের ২৫ এপ্রিল তাঁদের বাড়িতে ব্যাপক গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করে। গুলিতে তাঁর অপর দুই ভাই সর্দার আবদুল মজিদ ও সর্দার আবদুল বাশার আহত হন। তিনি আহত ভাইদের নিয়ে খালাতো ভাই সামসুল আলম মোল্লার বাড়িতে আশ্রয় নেন। একাত্তরের সেপ্টেম্বরে একদিন তিনি স্কুলে গেলে প্রধান শিক্ষক গুলির শব্দ শুনে সবাইকে পালাতে বলেন। তিনি বাড়ির দিকে গিয়ে দেখেন, বাড়ির সামনে পাকিস্তানি সেনারা দুটি ট্রাক পাহারা দিচ্ছে। ট্রাক দুটিতে তিনি চোখে-মুখে কালিমাখা ১১ জন যুবককে দেখেন। বাড়িতে ঢুকলে মা তাঁকে ট্রাকের ওই যুবকদের মধ্যে তাঁর দুই ভাই আছে কি না, দেখতে বলেন। তিনি গিয়ে ট্রাকের যুবকদের মধ্যে তাঁর দুই ভাইকে খুঁজে পাননি। পরে ট্রাক দুটি শহর থেকে পূর্ব দিকে ক্ষেতলালের দিকে চলে যায়। জবানবন্দির শেষ পর্যায়ে আবদুল হাফিজ বলেন, দেশ স্বাধীন হওয়ার পর তাঁর এক ভাই ফিরে এলেও আরেক ভাই আর ফেরেননি।

জবানবন্দি শেষে ট্রাইব্যুনাল সাক্ষীর কাছে জানতে চান, তিনি কেন সাক্ষী দিতে এসেছেন? জবাবে সাক্ষী বলেন, তদন্ত কর্মকর্তা বলেছেন, তাই এসেছেন। ট্রাইব্যুনাল আবার জানতে চান, আপনি তদন্ত কর্মকর্তার কাছে যা বলেছেন, তা কি ট্রাইব্যুনালে বলেছেন? জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ’। জবানবন্দি শেষে হাফিজকে আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক জেরায় মাত্র একটি প্রশ্ন করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা আপনার যে জবানবন্দি রেকর্ড করেছেন, তা কি আপনাকে পড়ে শুনিয়েছেন—আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, না।

পরে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।