আলীমের বিরুদ্ধে মামলায় ৩২তম সাক্ষীর সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের ৩২তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন রফিকুল ইসলাম। তিনি এ মামলায় জব্দ তালিকার সাক্ষী।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রফিকুলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। জবানবন্দিতে রফিকুল বলেন, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ২০১১ সালের এপ্রিল মাসে তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ পত্রিকায় বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। সে সময় এ মামলার তদন্ত কর্মকর্তা ওই পত্রিকার ১৯৭২ সালের ১৭ ও ২৩ জানুয়ারি প্রকাশিত সংখ্যা জব্দ করেন। ওই দুটি সংখ্যায় প্রকাশিত তিনটি প্রতিবেদন তিনি জবানবন্দিকালে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।
জবানবন্দি শেষে রফিকুল ইসলামকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।