আলীমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী আবদুল মোমেনকে গতকাল মঙ্গলবার জেরা করেছে আসামিপক্ষ। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই জেরা হয়।সকাল সাড়ে ১০টার দিকে জেরা শুরু হয়। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আবদুল আলীমের উপস্থিতিতে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান।কৃষ্ণনগর মৌজাধীন সাবেক জমিদারদের চারটি পুকুর নিয়ে সাক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে, এটি সত্য কি না—আইনজীবীর এ প্রশ্নে ট্রাইব্যুনাল বলেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে এ প্রশ্নের সম্পর্ক কী।এরপর আইনজীবী জানতে চান, সাক্ষী এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত কি না? জবাবে তিনি বলেন, এটা সত্য নয়। এ সময় ট্রাইব্যুনাল আইনজীবীকে বলেন, এসব জেরা জয়পুরহাটের আদালতে হয়, এখানে নয়।সাক্ষী কাবিল হত্যা মামলার অন্যতম আসামি কি না—আইনজীবীর এ প্রশ্নে মোমেন ‘হ্যাঁ’ সূচক জবাব দেন। তাঁর বেয়াই আকবর আলী পরামাণিক রাজাকার ছিলেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, এটি তিনি জানেন না। শ্যামাপদ চক্রবর্তীর ছেলেরা কি বেঁচে আছেন?—এ প্রশ্নে তিনি বলেন, তাঁর তিন ছেলে বেঁচে আছেন।একাত্তরে মণি ভূষণ নামে যাঁকে হত্যা করা হয়, তাঁর ছেলেরা কি বেঁচে আছেন? আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, তাঁরাও বেঁচে আছেন। এ সময় ট্রাইব্যুনাল আইনজীবীকে বলেন, সাক্ষীকে এসব প্রশ্ন করছেন কেন? এসব মামলার তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করবেন।১৯৫৪ সালে তিনি বগুড়া আজিজুল হক কলেজের ছাত্রলীগের সভাপতি থাকাকালে সাধারণ সম্পাদক কে ছিলেন—খলিলুর রহমানের এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, সাধারণ সম্পাদক ছিলেন শরাফত আলী, তাঁর বাড়ি ছিল গোপালগঞ্জে। এই মামলার আসামি আবদুল আলীম একাত্তরে জয়পুরহাটের সংগ্রাম কমিটির সদস্য ছিলেন কি না—এ প্রশ্নে তিনি ‘না’ সূচক জবাব দেন।ক্ষেতলাল উচ্চবিদ্যালয়ের মাঠে স্থাপিত পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প কে নিয়ন্ত্রণ করতেন—এ প্রশ্নের জবাবে আবদুল মোমেন বলেন, এটি তিনি বলতে পারবেন না। তবে জয়পুরহাটের ক্যাম্প নিয়ন্ত্রণ করতেন পাকিস্তান সেনাবাহিনীর মেজর আফজাল। একাত্তরে হাট শহর গ্রামের হিন্দুপল্লীর যাঁদের হত্যা করা হয় তাঁদের উত্তরাধিকারী আছে কি না—আইনজীবীর এ প্রশ্নে তিনি ‘হ্যাঁ’ সূচক জবাব দেন।এ পর্যায়ে বেলা একটার দিকে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। তবে ট্রাইব্যুনালের এক বিচারক ওবায়দুল হাসানের বাবা মারা যাওয়ায় এক ঘণ্টা বিরতির পর ট্রাইব্যুনাল আর বসেনি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।আজ বুধবার আবদুল মোমেনকে আবার জেরা করবে আসামিপক্ষ।