আলীমের বিরুদ্ধে মামলায় ১৮তম সাক্ষীর জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী মোস্তাফিজুর রহমানকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল মোস্তাফিজুরকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।মোস্তাফিজুর গত সোমবার জবানবন্দিতে বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে ২৬ মে তাঁর বাবা ইলিয়াস উদ্দিন সরদার, দুই চাচা ইউনুস ও ইউসুফ এবং মামা আবদুল কাদের মণ্ডলকে পাকিস্তানি সেনা, রাজাকার ও শান্তি কমিটির সদস্যরা জয়পুরহাটের পাঁচবিবির নওদা গ্রাম থেকে ধরে নিয়ে যায়। তাঁর চাচাতো ভাই আবুল কাশেম তাঁদের ছেড়ে দেওয়ার জন্য আবদুল আলীমের কাছে গিয়ে অনুরোধ করলে তিনি বলেছিলেন, তাঁরা স্বাধীনতার পক্ষের লোক, তাঁদের ছাড়া যাবে না। পরে তাঁর বাবা, দুই চাচা ও মামাকে পাঁচবিবির কালিশাহ পুকুরের বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়।জেরার একপর্যায়ে আসামিপক্ষের আইনজীবী মত (সাজেশন) দেন, একাত্তরে আপনার বয়স ছিল ১০-১১ বছর এবং ২৬ মে ছিল বুধবার। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। আপনার চাচা শহীদ ইউসুফ উদ্দিন সরদার মুসলিম লীগ করতেন এবং আলীমের কাছের মানুষ ছিলেন, এটা জানেন—এ প্রশ্নে সাক্ষী বলেন, না।আইনজীবী আবার মত দেন, একাত্তরে আলীম পলাতক ছিলেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়।পরে আইনজীবী মত দেন, আপনি তদন্ত কর্মকর্তার কাছে কোনো জবানবন্দি দেননি এবং আলীমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিলেন। জবাবে মোস্তাফিজুর বলেন, এটা সত্য নয়।