আলীমের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। এটি হচ্ছে এ মামলার চূড়ান্ত পর্যায়। এরপর আসামিপক্ষ যুক্তি দেবে। যুক্তি উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হবে। বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। যুক্তিতে রানা দাশগুপ্ত আলীমের বিরুদ্ধে মামলার বিভিন্ন পর্যায় ও ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন। কৌঁসুলি বলেন, ‘আমরা আজ ৮৩ বছর বয়সী আলীমের বিচার চাইছি না, ৪২ বছর বয়সী আলীমের বিচার চাইছি। ১৯৬২ সালে আইয়ুব খানের সামরিক আইন প্রত্যাহার হওয়ার পর আলীম কনভেনশন মুসলিম লীগের সঙ্গে যুক্ত হন। তিনি সত্তরের নির্বাচনে এই দলের প্রার্থী হিসেবে জয়পুরহাটের ক্ষেতলাল ও পাঁচবিবি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম শুরু হলে ছয় দফার বিরোধী এবং সত্তরের নির্বাচনের পরাজিত রাজনৈতিক দলগুলো স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে চক্রান্ত করে। রানা দাশগুপ্ত ১৯৭২ সালের ১৮ জানুয়ারি প্রকাশিত ‘দৈনিক বাংলা’ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন উপস্থাপন করেন। যার শিরোনাম ছিল, ‘জয়পুরহাটের শান্তি কমিটির নেতা জয়পুরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম লীগের আবদুল আলীম’। একই বছরের ১৭ জানুয়ারি বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকায় ‘এরাই হলো নরপিশাচ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে আলীমের নাম আছে।
একাত্তরের ২৮ অক্টোবর ‘দৈনিক সংগ্রাম’-এ প্রকাশিত একটি প্রতিবেদন তুলে ধরে কৌঁসুলি বলেন, ওই প্রতিবেদনে ছয়টি দলের সমন্বিত প্রার্থীদের নামের একটি তালিকা আছে। একাত্তরে মুক্তিযুদ্ধকালে যাঁরা টিক্কা খানের সঙ্গে যোগ দিয়ে শান্তি কমিটি গঠন করেন, ওই তালিকায় ২২ নম্বরে আলীমের নাম রয়েছে। একাত্তরের ৩১ অক্টোবর ‘দৈনিক সংগ্রাম’-এর আরেকটি প্রতিবেদন তুলে ধরেন কৌঁসুলি, যে প্রতিবেদনে একাত্তরের প্রাদেশিক পরিষদের ৩১ জন প্রার্থীর নাম রয়েছে যাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। ওই প্রার্থীদের মধ্যেও আলীমের নাম আছে। সরকার প্রকাশিত পাকিস্তান সেনাদের সহযোগী বাহিনীর একটি নথি তুলে ধরে রানা দাশগুপ্ত বলেন, ওই নথিতে দেখা গেছে আলীম মুক্তিযুদ্ধকালে জয়পুরহাট শান্তি কমিটির সভাপতি ছিলেন।
বিভিন্ন নথি উপস্থাপন শেষে রানা দাশগুপ্ত আলীমের বিরুদ্ধে আনা প্রথম দুটি অভিযোগের বিষয়ে যুক্তি শেষ করেন। এ সময় কৌঁসুলি দাবি করেন, রাষ্ট্রপক্ষ ওই দুটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।