আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দুই সাক্ষীর সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের বিচার
মানবতাবিরোধী অপরাধের বিচার

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার রাষ্ট্রপক্ষের ২৮ ও ২৯তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁরা সাক্ষ্য দেন।গতকাল রাষ্ট্রপক্ষের যে দুজন সাক্ষ্য দিয়েছেন তাঁরা জব্দ তালিকার সাক্ষী। তাঁরা হলেন ২৮তম সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান ডকুমেন্টেশন কর্মকর্তা আমেনা খাতুন এবং ২৯তম সাক্ষী একই প্রতিষ্ঠানের গবেষণা কর্মকর্তা ও গ্রন্থাগারিক এ কে এম মমিনুল ইসলাম। তাঁদের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।জবানবন্দিকালে দুই সাক্ষী একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির গণতদন্ত কমিশনের প্রতিবেদনসহ কিছু নথি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। জবানবন্দি শেষে তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক।সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়।

নিজেকে নির্দোষ দাবি করলেন জহিরউদ্দিন: জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী জহিরউদ্দিন জালাল তাঁর বিরুদ্ধে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবিরকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ট্রাইব্যুনাল-২-এ তাঁর বিরুদ্ধে আনা আদালত অবমাননার বিষয়ে রুলের লিখিত ব্যাখ্যায় গতকাল ওই অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন। লিখিত ব্যাখ্যা পড়েন তাঁর আইনজীবী মহসিন রশিদ।

ব্যাখ্যায় বিবাদীপক্ষের আনীত অভিযোগকে ‘মিথ্যা গল্প’ আখ্যায়িত করা হয়। ব্যাখ্যায় বলা হয়, ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই। তিনি রাষ্ট্রপক্ষের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। তাঁকে ট্রাইব্যুনালে অগ্রহণযোগ্য করতেই বিবাদীপক্ষ তাঁর বিরুদ্ধে এ অভিযোগ এনেছে। তিনি অভিযোগ থেকে অব্যাহতি প্রার্থনা করেন।

পরে মুন্সি আহসান কবির বলেন, ‘এ বিষয়ে আমাদের ব্যাখ্যা আছে।’ এ সময় আসামিপক্ষের অপর আইনজীবী তাজুল ইসলাম সময়ের আরজি জানালে ১১ জুলাই এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

মুন্সি আহসান কবিরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আসামিপক্ষ গত ২৮ মে জহিরউদ্দিন জালালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার আবেদন করে।