আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষ ঘটনার বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে। আগামীকাল বুধবার আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের দিন ধার্য আছে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত তৃতীয় দিনের মতো যুক্তি দেন। আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। রানা দাশগুপ্ত আলীমের বিরুদ্ধে দ্বাদশ থেকে সপ্তদশ অভিযোগের বিষয়ে যুক্তি দেন।

কৌঁসুলি বলেন, দ্বাদশ অভিযোগে (একাত্তরের ২৪ জুলাই আলীমের নির্দেশে রাজাকাররা দেবীপুর কাজীপাড়ায় আবুল কাশেম হত্যা) রাষ্ট্রপক্ষের ১২তম ও ১৩তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং তাতে অভিযোগ প্রমাণিত হয়েছে। আলীমের বিরুদ্ধে আনা ১৩তম অভিযোগের (মুক্তিযুদ্ধকালে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আলীমের নির্দেশে ১১ জন যুবককে হত্যা) সপক্ষে রাষ্ট্রপক্ষের ২০তম ও ২১তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্য থেকে অভিযোগের প্রমাণ পাওয়া যায়।

১৪তম অভিযোগের (পাহাড়পুরে আহত মুক্তিযোদ্ধা ফজলুল করিমসহ আরও দুজনকে আলীমের নির্দেশে হত্যা) বিষয়ে কৌঁসুলি বলেন  এই অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের দ্বিতীয়, চতুর্থ এবং ২৩তম সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষীদের সাক্ষ্যে এ ঘটনাটি প্রমাণিত হয়েছে।

১৫ ও ১৬ তম অভিযোগের (জয়পুরহাট চিনিকলে স্থাপিত সেনাক্যাম্পে ২৫ জন ব্যক্তিকে হত্যা এবং দুজনকে আটক) বিষয়ে রানা দাশগুপ্ত বলেন, রাষ্ট্রপক্ষের পঞ্চম ও ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্যে অভিযোগ প্রমাণিত হয়েছে।

 শেষ অভিযোগের বিষয়ে (ইস্ট পাকিস্তান রেজিমেন্টের ১৭ উইংয়ের সুবেদার মেজর জব্বল হোসেন হত্যা) কৌঁসুলি বলেন, রাষ্ট্রপক্ষের সপ্তম ও অষ্টম সাক্ষীর সাক্ষ্যে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।

রানা দাশগুপ্ত আলীমের বিরুদ্ধে ঘটনার যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের কয়েকটি প্রশ্নের জবাব দেন। পরে ট্রাইব্যুনাল আজ রাষ্ট্রপক্ষের আইনগত বিষয়ে যুক্তি দেওয়ার দিন ধার্য করেন।