আলীমের বিরুদ্ধে ২৬তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী যোগেন চন্দ্র পালকে আসামিপক্ষের জেরা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যোগেনকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন। যোগেনকে জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ জুন দিন ধার্য করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত পরে প্রথম আলোকে জানান, ২৬তম সাক্ষী (যোগেন চন্দ্র) এ মামলায় রাষ্ট্রপক্ষের ঘটনার শেষ সাক্ষী। পরবর্তী ধার্য দিনে রাষ্ট্রপক্ষের জব্দ তালিকার কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। এরপর রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীকে অবশিষ্ট জেরা করবে আসামিপক্ষ। এরপর এ মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে। আসামিপক্ষের আইনজীবীরা বারবার অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষীর জেরা অসমাপ্ত অবস্থায় তাঁর সাক্ষ্য গ্রহণ বন্ধ করেছিলেন। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে আবার জেরা করার অনুমতি দেন ট্রাইব্যুনাল।