আলীমের বিরুদ্ধে ২৮ ও ২৯তম সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রোববার রাষ্ট্রপক্ষের ২৮ ও ২৯তম সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ওই দুই সাক্ষীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। দুজনই এ মামলায় জব্দ তালিকার সাক্ষী।
২৮তম সাক্ষী হলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান ডকুমেন্টেশন কর্মকর্তা আমেনা খাতুন এবং ২৯তম সাক্ষী হলেন একই প্রতিষ্ঠানের গবেষণা কর্মকর্তা ও গ্রন্থাগারিক এ কে এম মমিনুল ইসলাম। জবানবন্দি শেষে দুই সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য কাল সোমবার দিন ধার্য করা হয়।