বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২৮টি ঘটনায় ৭৪টি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। তাঁর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে ২২ মার্চ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ গতকাল বৃহস্পতিবার আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। সকালে কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালকে বলেন, আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। তিনি আলীমের জামিনের মেয়াদ আর না বাড়িয়ে তাঁকে কারা হেফাজতে পাঠানোর আরজি জানান।আলীম বর্তমানে জামিনে রয়েছেন। গতকাল তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ট্রাইব্যুনালে হাজির হন।আলীমের জামিনের মেয়াদ বাড়ানোর আরজি জানান তাঁর আইনজীবী তাজুল ইসলাম। তিনি বলেন, আলীমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ ছাড়া তিনি জামিনের শর্তের অপব্যবহার করেননি।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আলীমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে ২২ মার্চ আদেশ দেওয়া হবে। ওই দিন পর্যন্ত তিনি জামিনে থাকবেন। ২২ মার্চ তাঁকে ট্রাইব্যুনালে হাজির থাকতে হবে।রানা দাশগুপ্ত পরে সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধকালে আলীম জয়পুরহাট সাবডিভিশন শান্তি কমিটির প্রধান ও রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন। তিনি জয়পুরহাটের কাদিরপুরে ৩৩৭ জনের গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন।