আলীমের মামলায় যুক্তি উপস্থাপন শেষ পর্যায়ে
বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তি উপস্থাপন শেষ পর্যায়ে রয়েছে। আজ বৃহস্পতিবার আলীমের পক্ষে যুক্তি উপস্থাপনের শেষ দিনে আসামিপক্ষ আলীমকে নির্দোষ দাবি করেছে। আগামী রোববার রাষ্ট্রপক্ষ আসামিপক্ষের আইনি জবাব দেওয়ার মাধ্যমে মামলার যুক্তি উপস্থাপন শেষ হবে।
এটি এই মামলার শেষ পর্যায়। এরপর রায়ের দিন ধার্য করা হবে। এর আগে গত ১১ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ চারদিন ধরে যুক্তি দেয়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ আলীমের পক্ষে পঞ্চম দিনের মতো যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক ও খলিলুর রহমান। শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। যুক্তিতে আসামিপক্ষ আলীমের বিরুদ্ধে আনা ১১তম থেকে ১৭তম অভিযোগের বিষয়ে যুক্তি দেন।
যুক্তিতে আইনজীবী বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষী ও দাখিলকৃত নথির মধ্যে ভিন্নতা রয়েছে। একজন সাক্ষীর সাক্ষ্য অন্য সাক্ষীকে সমর্থন করেনি। তাই বলা যায়, আলীমের বিরুদ্ধে আনা সব অভিযোগই রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।
যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে আইনজীবী আলীমকে নির্দোষ দাবি করেন এবং সব অভিযোগ থেকে তাঁকে অব্যাহতির আরজি জানান।
আলীমের পক্ষে যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের আইনি জবাব দেওয়ার জন্য আগামী রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আতাউর রহমানকে জেরা চলছে: এদিকে একই ট্রাইব্যুনালে আজ পলাতক আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে মামলায় মুঈনুদ্দীনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কর্মকর্তা আতাউর রহমান খানকে আসামিপক্ষের জেরা অব্যাহত রয়েছে। আতাউর রহমানকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই। পরে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।