মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীমের মৃত্যুতে দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁর করা আপিল অকার্যকর হওয়ায় তা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আলীমের পক্ষে ছিলেন আইনজীবী জয়নাল আবেদীন তুহিন।
পরে অ্যাটর্নি জেনারেল প্রথম আলোকে বলেন, আবদুল আলীম মারা গেছেন। তাই তাঁর করা আপিল অকার্যকর হওয়ায় আপিল বিভাগ তা খারিজ করেছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন। খালাস চেয়ে ওই রায়ের বিরুদ্ধে ৭ নভেম্বর আপিল করেন তিনি। বিচারকাজ চলাকালে শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কারাকক্ষে (প্রিজন সেল) আটক ছিলেন। গত ২৬ আগস্ট রাতে তাঁকে হাসপাতালের কারাকক্ষ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ আগস্ট তিনি মারা যান। তাঁর সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছিল।