মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র : রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ
আলীমের মৃত্যুদণ্ড দাবি করেছে রাষ্ট্রপক্ষ

বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রপক্ষ। একাত্তরে মুক্তিযুদ্ধকালে জয়পুরহাটে আলীম মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের পরামর্শ বা নির্দেশ দিতেন উল্লেখ করে রাষ্ট্রপক্ষ তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল আইনগত বিষয়ে যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ। এর আগে তিন দিন ঘটনার বিষয়ে যুক্তি দেন রাষ্ট্রপক্ষের আরেক কৌঁসুলি রানা দাশগুপ্ত। আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।শারীরিক কারণে জামিনে থাকা আলীমের উপস্থিতিতে যুক্তিতে তুরিন আফরোজ বলেন, রাষ্ট্রপক্ষের দাখিল করা নথি ও সাক্ষ্যে দেখা যায়, আলীম একাত্তরে কনভেনশন মুসলিম লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন। একাত্তরে প্রকাশিত দৈনিক সংগ্রাম-এর প্রতিবেদনে নির্বাচনে কনভেনশন মুসলিম লীগের প্রার্থী হিসেবে আলীমের নাম এসেছে এবং ওই নির্বাচনে তিনি জয়লাভ করেন। এতেই প্রমাণিত হয়, তিনি ওই সময় রাজনীতিতে কতটা সক্রিয় ছিলেন।কৌঁসুলি বলেন, আলীমের জীবনবৃত্তান্তে দেখা যায় তিনি উচ্চশিক্ষিত, আইনজীবী ছিলেন। যে মানুষ যত বেশি শিক্ষিত হবেন, তাঁর অপরাধের দায়ভার তত বেশি গুরুতর বলে গণ্য হবে। আলীম একাত্তরে জয়পুরহাটে শান্তি কমিটিতে ছিলেন। তথ্য অনুসারে, একাত্তরে জয়পুরহাটে দুই ধরনের শান্তি কমিটি ছিল। এর একটি করেছে মুসলিম লীগ এবং আরেকটি জামায়াতে ইসলামী। মুসলিম লীগের করা শান্তি কমিটির নাম ছিল পিস কাম ডিফেন্স কমিটি। সাক্ষীদের কেউ বলেছেন, আলীম শান্তি কমিটির চেয়্যারম্যান ছিলেন; কেউ বলেছেন, নেতা ছিলেন; আবার কেউ বলেছেন, কমান্ডার ছিলেন। এ থেকে বোঝা যায়, আলীমই ওই সময় শান্তি কমিটির নেতৃত্বে ছিলেন। তুরিন আফরোজ বলেন, আলীম রাজাকারও ছিলেন। বেশ কয়েকজন সাক্ষীর সাক্ষ্যে এর প্রমাণ পাওয়া গেছে। রাজাকার অধ্যাদেশ হওয়ার আগেই আলীম জয়পুরহাটে রাজাকার বাহিনী গঠন করেন। আলীমের বিরুদ্ধে যৌথ ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় সম্পর্কে যুক্তিতে তিনি বলেন, অপরাধ সংঘটনের প্রতিটি স্থানেই আলীম ছিলেন। তাঁর নির্দেশে বিভিন্ন স্থানে অপরাধ সংঘটিত হয়েছে। অপরাধের ঘটনাগুলোর ধরন অনেকটা একই। এ থেকে বোঝা যায়, সেগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি বলেন, একাত্তরে জয়পুরহাটে পাকিস্তানি সেনা, শান্তি কমিটি বা রাজাকাররা যাঁদের ধরত, তাঁদের ভাগ্যে কী হবে, সেই সিদ্ধান্ত দিতেন আলীম। ধৃত ব্যক্তিদের পরে বাছাই করা কয়েকটি এলাকায় নিয়ে হত্যা করা হতো। জয়পুরহাটে পাকিস্তানি সেনারা দুটি স্থানের নির্দেশ বা পরামর্শ শুনত। একটি নির্দেশ তাদের সদর দপ্তর থেকে আসত আর জয়পুরহাটে স্থানীয়ভাবে আলীমের নির্দেশে ও পরামর্শে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হতো। তিনি পাকিস্তানি সেনাদের অপরাধের দিকনির্দেশনা দিতেন।
তুরিন আফরোজ বলেন, ‘সব সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বলা যায়, আলীম একাত্তরে অপরাধের কম্পাস ছিলেন। কাকে নির্যাতন করতে হবে, কাকে হত্যা করতে হবে, তা আলীম ঠিক করে দিতেন। তাই রাষ্ট্রপক্ষ এ ধরনের ঘৃণ্য অপরাধীর মৃত্যুদণ্ড প্রার্থনা করছে।’
তুরিন আফরোজের যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।