আলীমের রায়ে গণজাগরণ মঞ্চের অসন্তোষ

মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের আমৃত্যু কারাদণ্ডের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে আপিল করার দাবি জানিয়েছেন মঞ্চের নেতা-কর্মীরা।
গতকাল বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর বিক্ষোভ মিছিল শেষে মঞ্চের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। এর আগে আবদুল আলীমের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। তাঁর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন মঞ্চের কর্মীরা। রায় ঘোষণার পর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে দোয়েল চত্বর ঘুরে জাদুঘরের সামনে এসে শেষ হয়।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়নি। আমরা হতাশ। রাষ্ট্রপক্ষ আপিলের মাধ্যমে প্রত্যাশিত রায় নিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।’
সন্ধ্যা সাড়ে ছয়টায় রায়ের প্রতিবাদে শাহবাগ থেকে মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিল রূপসী বাংলার মোড় ঘুরে, টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।