আলীরটেকে বালু-সন্ত্রাস অসহায় এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নবাসীর দিন কাটছে আতঙ্ক, অস্থিরতায়। একদিকে অবাধে বালু তোলায় ধলেশ্বরী নদীগর্ভে বসতভিটা, ফসলি জমি হারানোর ভয়, অন্যদিকে বালু উত্তোলনে জড়িত কুচক্রী মহলকে রুখতে গিয়ে মামলায় জড়িয়ে গ্রেপ্তার আতঙ্কে ঘরে থাকতে পারছে না তারা। প্রভাবশালী এক সাংসদের ছত্রচ্ছায়ায় বালু উত্তোলন চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. সামছুর রহমান বলেন, নদীর গোগনগর মৌজায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়ন্ত্রণাধীন নৌপথ আছে। সংস্থাটি তাহের এন্টারপ্রাইজকে চার লাখ ঘনফুট বালু তোলার অনুমতি দিয়েছিল। কিন্তু স্থানীয়দের বাধায় ঠিকাদার কাজ চালাতে পারেনি। পরে তাঁরা হাইকোর্টে মামলা করেন। মামলা থাকায় জেলা প্রশাসন জনগণকে আইনি সহায়তা দিতে পারছে না।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আলীরটেক ইউনিয়নের চারপাশ ঘিরে থাকা নদী থেকে বালু উত্তোলন চলছে। বালু তোলায় ডিক্রিরচর গ্রামের ভেতরে মাটিতে ফাটল দেখা যায়।গ্রামবাসী জানায়, নদীটি তাদের কাছে বুড়িগঙ্গা নামে পরিচিত। নদীর তীর ঘেঁষে বালু তোলা হচ্ছে। এতে আসন্ন বর্ষায় বড় ধরনের ভাঙন সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোগনগর গ্রামের বাসিন্দারা গত ৫ ফেব্রুয়ারি মাথায় কাফনের কাপড় বেঁধে লাঠিসোঁটা নিয়ে বালু উত্তোলনকারীদের ধাওয়া করে। এরপর কিছুদিন বালু উত্তোলন বন্ধ রাখলেও ২৭ ফেব্রুয়ারি থেকে আবার তা শুরু করা হয়। এবার ডিক্রিরচরবাসী বালু-সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা ড্রেজার ও বাল্কহেড ফেলে পালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ড্রেজার ও বাল্কহেড উদ্ধার করে ফিরিয়ে দেয়। ওই রাতেই বালু-সন্ত্রাসীদের পক্ষে সেলিম জাবেদ নামের একজন মামলা করেন। এতে ১৬ গ্রামবাসীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। পরে পুলিশ শাকিল নামের এক যুবককে গ্রেপ্তার করে।মুক্তিযোদ্ধা আলী আকবর সরদার, সদর থানা বিএনপির সভাপতি আবদুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, জাতীয় পার্টির নেতা ফিরোজ সরদার সম্প্রতি জানান, বালু উত্তোলনে বাধা দেওয়ার পর আলীরটেকের ২২ ময়ালের (পঞ্চায়েত) প্রধান কালাই চান ব্যাপারি খবর আনেন, বালু তুলতে বাধা দিতে নিষেধ করেছেন ওই সাংসদ। শুধু তাই নয়, বালু উত্তোলনে সহযোগিতা করলে স্থানীয় নেতাদের আর্থিক সুবিধা দেওয়ারও প্রলোভন দেখানো হয়। প্রস্তাবটি তাঁরা প্রত্যাখ্যান করেন। প্রবীণ আলী আকবর মোল্লা বলেন, বালু-সন্ত্রাসীরা টাকা দিয়ে প্রশাসন, জনপ্রতিনিধিসহ অনেককেই কিনে ফেলেছে। আলীরটেকবাসী অসহায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, গ্রামবাসী স্থানীয় সাংসদ নাসিম ওসমানের সঙ্গে দেখা করেছিল। সেখানে গ্রামবাসীর সঙ্গে তিনিও সাংসদকে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নিতে অনুরোধ করেন। বালু ব্যবসায়ীদের অনুমতি থাকায় সাংসদও কিছু বলতে পারেননি।বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের উপপরিচালক আলমগীর কবির জানান, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানকে বালু তোলার যে অনুমতি দেওয়া হয়েছিল তার মেয়াদ ২০১০ সালের ৮ জানুয়ারি শেষ হয়েছে। এরপর নদী রক্ষা আইন বদলেছে। এখন আর কাউকে বালু উত্তোলনের অনুমতি দেওয়ার এখতিয়ার সংস্থাটির নেই। আলীরটেকে এখন কীভাবে বালু উত্তোলন করা হচ্ছে তা জানি না।’গ্রামবাসীর বিরুদ্ধে করা মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনর্চাজ ফজলুল হক জানান, মামলার তদন্ত চলছে। বালু কাটাও বন্ধ রয়েছে।তাহের এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. বাদল ও মামলাকারী সেলিম জাবেদের সঙ্গে কথার বলার জন্য চেষ্টা করেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।