আলু ও পেঁয়াজ ছাড়া সবজির দাম কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাজারে আলু ও পেঁয়াজ ছাড়া অন্যান্য সবজির দাম কমতে শুরু করেছে। গতকাল শনিবার নগরের রিয়াজ উদ্দিন বাজারের বিভিন্ন দোকান ঘুরে এ চিত্র পাওয়া যায়। পাইকারি দোকানে আলু বিক্রি হয়েছে সাড়ে ১৩ থেকে ১৪ টাকা দরে। পেঁয়াজ ৪১ থেকে ৪২ টাকা, রসুন ৪৯ এবং আদা ৭৫ টাকা কেজি দরে। দোকানি হাবিব উল্লাহ বলেন, ‘আমরা এখন কোল্ডস্টোরেজের আলু বিক্রি করছি। কারণ, খেতের আলুতে ইতিমধ্যে পচন ধরেছে। সেগুলো বিক্রির উপযোগী নয়।’ পেঁয়াজের দাম বাড়া প্রসঙ্গে তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি কম হচ্ছে। তা ছাড়া সেখানেও পেঁয়াজের দাম বেড়েছে। গতকাল রিয়াজ উদ্দিন বাজার ও চৌমুহনী কর্ণফুলী বাজারের বিভিন্ন দোকানে আলু বিক্রি হয়েছে ১৫-১৬ টাকা, পেঁয়াজ ৪৩-৪৫, আদা ৮০-৮২ এবং রসুন ৫৩-৫৫ টাকা কেজি দরে। ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৪০ থেকে ১৪৫ টাকা কেজি দরে।