আলু কিনতে হুড়োহুড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ আলু কিনতে রীতিমতো হুড়োহুড়ি শুরু করে দেয়। এক ঘণ্টায় বিক্রি হয়ে যায় ৩০০ বস্তা আলু। তবে নিজেদের খাওয়ার জন্য নয়, গরুকে খাওয়ানোর জন্য। মাইকিং করে আলুর দাম ঘোষণা দেওয়ার এক ঘণ্টার মধ্যে রাজশাহীর পবা উপজেলার কাশিয়াডাঙ্গার মোড়ে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহীতে বিভিন্ন হিমাগারে রাখা আলু বিক্রি করতে পারছেন না চাষিরা। পুরাতন আলু কেনার কোনো ক্রেতা নেই। নতুন আলুও উঠতে শুরু করেছে। অবশেষে তারা ৮৫ কেজি বস্তার আলু ১০০ টাকা করে বিক্রি করার ঘোষণা দিলে কিছু লোক এই আলু কিনে এনে বৃহস্পতিবার নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় মাইকিং করে ২০০ টাকা বস্তা বিক্রি করার জন্য মাইকিং করে। কাশিয়াডাঙ্গা মোড় থেকে রাজশাহী কোর্ট পর্যন্ত আলু বিক্রির জন্য মাইকিং করার পরপরই মোড়ে মানুষের ভিড় জমতে শুরু করে। আলুর জন্য মানুষ রীতিমতো কাড়াকাড়ি শুরু করে। মাইকিং শুনে আলু কিনতে আসেন আদারীয়াপাড়ার ফিরোজা বেগম। তিনি বলেন, গরুকে খাওয়ানোর জন্য ৪০০ টাকায় দুই বস্তা আলু কিনেছেন। তিনি বলেন, ভুসির চেয়ে আলুর দামই কম। স্থানীয় হাটের একজন ইজারাদার সোহেল রানাও সুযোগ পেয়ে দুই বস্তা আলু কিনেছেন।চাঁপাইনবাবগঞ্জের সুমন হোসেন রাজশাহীর কয়েকটি হিমাগার থেকে ১০০ টাকা বস্তা দরে ৩০০ বস্তা আলু কেনেন। তিনি বলেন, তাঁর এলাকায় আলুর দাম একটু বেশি, সেখানে নিয়ে গিয়ে বিক্রি করবেন।