আলু চাষ করে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলু চাষ করে এবার লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। মৌসুমের শেষের দিকে ভালো দাম মিললেও জানুয়ারি মাসের বৃষ্টিতে খেত ডুবে গিয়ে আলুর ফলন কমে যায়। এতে আলু চাষ করে প্রতি বিঘায় তাঁদের অন্তত আট হাজার টাকা লোকসান হচ্ছে।
উপজেলার ভাকুড়া গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, ‘এবার প্রতি বিঘায় আলুর ফলন পেয়েছি ৫৫ থেকে ৬০ মণ। অথচ গত বছর একই জমিতে ফলন হয়েছিল ১৩০-১৩৫ মণ।’
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, গত ২ জানুয়ারি রাত ১০টা থেকে ৩ জানুয়ারি দুপুর পর্যন্ত টানা বৃষ্টিপাতের ফলে পীরগঞ্জের কোষারনীগঞ্জ, খনগাঁও, পীরগঞ্জ, হাজিপুর ও সৈয়দপুর ইউনিয়নের নারায়ণপুর, ভাকুড়া, খালপাড়া, তিন বস্তি, গড়গাঁও, ভবানীতলী, গোয়ালপাড়া, দুর্গাপুর, গুয়াগাঁও, ফুটানীটাউন, পালিগাঁও, শেখপাড়া, খামার নারায়ণপুর, জগথা, সিন্নাতপাড়াসহ ২০-২১টি গ্রামের আলুখেতের ব্যাপক ক্ষতি হয়। দেড় দিনের বৃষ্টিতে প্রায় ছয় শ বিঘার আলু নষ্ট হয়ে গেছে।
খালপাড়া গ্রামের মাহাতাব আলী, মজিবর রহমান ও সৈয়দ আলী, ভাকুড়া গ্রামের এনামুল হক, তরিকুল ইসলাম ও আবুল হাসেম জানান, ফলন কমে যাওয়ায় বেশির ভাগ চাষিই প্রতি বিঘায় ৮-১০ হাজার টাকা লোকসান দিয়েছেন।
এক্তিয়ারপুর গ্রামের আলুচাষি সোহেল রুকনুজ্জামান বলেন, ‘এবার আমি গ্রানুলা, ডায়মন্ড ও অ্যাসটোরিক্স জাতের ১২ বিঘা জমি আলুর আবাদ করতে প্রায় চার লাখ টাকা খরচ করেছি। কিন্তু ফলন কমে যাওয়ায় আমি লাভের মুখ দেখতে পারলাম না। প্রায় দেড় লাখ টাকা লোকসান হয়েছে।’
পীরগঞ্জের আলুর পাইকার মো. লিটন, বেলাল হোসেন ও আবদুর রশিদ জানান, গত মৌসুমে ঢাকা, গাজীপুরসহ দেশের বড় বড় মোকামের বড় ক্রেতাদের সাত-আটজন প্রতিনিধি পীরগঞ্জ থেকে ৫৫ হাজার বস্তা আলু কিনে নিয়ে যান। তাঁরা ১১ টাকা কেজি দরে আলু কিনেছিলেন।
কিন্তু এবার ফলন কম হওয়ায় আলুর বিক্রি কমে গেছে। বগুড়ার শাহ সুলতান হিমাগারের মালিক আবদুল গফুর পীরগঞ্জ থেকে ১০ হাজার বস্তা আলু কেনার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর লোকজন পীরগঞ্জ উপজেলা গেট এবং ফুটানী টাউন নামক বাজারে আড়ত বসিয়ে ৩৭০ টাকা মণ দরে আলু কিনছেন। হরতাল-অবরোধের কারণে দেশের অন্যান্য জেলা থেকে পাইকাররা আসতে পারছেন না।
কুশারীগাঁও গ্রামের আলুচাষি মো. আলম বলেন, ‘খেতের আলু তুলে, বস্তাবন্দী করে ভ্যানে করে পীরগঞ্জ পর্যন্ত আনতে এবং এর আগে উৎপাদন খরচ মিলে প্রতি মণের পেছনে কমপক্ষে ৩০০ টাকা খরচ হয়েছে। বিক্রি হচ্ছে প্রতি মণ ৩৭০ টাকা দরে। এতে খরচ বাদে এবার প্রতি মণ আলুর দাম পড়ছে ৭০-৮০ টাকা মণ। অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে দেড় থেকে পৌনে দুই টাকা। কিন্তু ফলন কমে যাওয়ায় আমাদের লোকসান দিতে হচ্ছে।’
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘এবার পীরগঞ্জ উপজেলার দুই হাজার হেক্টর জমিতে গ্রানুলা, রোমানা, কার্ডিনাল, ডায়মন্ড, কারেস ও স্টোরিক জাতের আলুর আবাদ হয়েছে। ফলন ভালোই হয়েছিল। কিন্তু অসময়ে বৃষ্টির কারণে ফলন কমে গেছে।’