আলু চাষ নিয়ে ব্যস্ত মুন্সিগঞ্জের কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলু চাষ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুন্সিগঞ্জের কৃষকেরা। এ বছর জমি থেকে একটু দেরিতে পানি নামলেও এরই মধ্যে লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি জমিতে বীজ বপনের কাজ শেষ হয়ে গেছে। এখন বাকি জমিতে বীজ বপনের কাজে ব্যস্ত আলু চাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর সার ও বীজের দাম গত বছরের চেয়ে কম। এ ছাড়া গত বছর আলু চাষিরা দাম ভালো পেয়েছেন। তাই এ বছর কৃষকেরা পুরোদমে আলু চাষ করছেন। কৃষকদের উৎসাহ দেখে ধারণা করা হচ্ছে, চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে। কয়েকজন আলু চাষি বলেন, ২০০৮ সাল থেকে টানা তিন বছর তাঁরা লোকসান গুনেছেন। ২০১১ সালে কৃষকেরা লাভবান হওয়ায় এবং এ বছর সার ও বীজের দাম কম হওয়ায় তাঁরা আবার আলু চাষে আগ্রহ দেখাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে মুন্সিগঞ্জে ৩৬ হাজার ৯৪২ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পরিমাণ জমিতে আলু চাষের জন্য বীজ দরকার ৭০ হাজার মেট্রিক টন। বিএডিসি থেকে আলুর বীজ বরাদ্দ দেওয়া হয়েছে দুই হাজার ৫০০ মেট্রিক টন। বাকি বীজ হল্যান্ডের আলুবীজ (বাক্স) ও হিমাগারে সংরক্ষিত আলুবীজ দিয়ে পূরণ করা হবে।সূত্র জানায়, গত বছর মুন্সিগঞ্জে ৩৫ হাজার ৫৭৬ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। আর ফলন হয়েছিল ১১ লাখ ৭৮ হাজার আট মেট্রিক টন। গত বুধবার সরেজমিনে মুন্সিগঞ্জ সদর, টঙ্গিবাড়ী ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, চাষিরা আলু চাষ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার কৃষক মো. আবুল বাশার বলেন, হিমাগারে সংরক্ষিত আলুবীজের চেয়ে এ বছর কৃষকেরা বিএডিসি ও হল্যান্ডের আলুবীজের প্রতি বেশি ঝুঁকেছেন। ব্যবসায়ী মো. শহিদ জানান, তাঁর ৫০ বস্তার মতো আলুবীজ হিমাগারে পড়ে আছে, বিক্রি করতে পারছেন না। বিএডিসির আলুবীজের ডিলার আহমেদ উল্লাহ জানান, এ বছর লাভ কম। তিনি এ বছর পাঁচ টন আলুবীজ তুলেছেন। জেলা সার ডিলার সমিতির সভাপতি নোয়াব আলী বলেন, এ বছর সারের দাম কম। সরবরাহও পর্যাপ্ত। এ বছর তাঁদের সরকার নির্ধারিত দামের চেয়েও কম দামে বিক্রি করতে হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছর আলুর ভালো দাম পাওয়ায় এ বছর কৃষকদের মধ্যে আলু চাষে আগ্রহ বেড়েছে। সার ও বীজ কম দামে পাচ্ছেন কৃষকেরা। তাই তাঁরা উৎসাহ নিয়ে আলু চাষ করছেন। তিনি বলেন, এবার জমি থেকে পানি দেরিতে নামার কারণে আবাদ করতে একটু দেরি হয়েছে। তবে এ দেরির কারণে ফলনে কোনো প্রভাব পড়বে না।