আলু চাষে আগ্রহ নেই টেকনাফের কৃষকদের
গত বছর মজুদ করা আলু নিয়ে চরম বিপাকে পড়া কক্সবাজারের টেকনাফের কৃষকেরা চলতি মৌসুমে আলু চাষে আগ্রহ দেখাচ্ছেন না। আলুর বদলে তাঁরা এবার অন্য সবজি চাষ করেছেন।উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, আলুর পরিবর্তে কৃষকেরা ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মুলা, লালশাক, লাউ, শিম, করলা, কুমড়া, বরবটি, টমেটো ও পুঁইশাকের চাষ করছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি কক্সবাজার সদরসহ আশপাশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।টেকনাফ সদরের মহেষখালীয়াপাড়া গ্রামের নূরজাহান বেগম জানান, দাম কম হওয়ায় অনেক কৃষক গত বছর হিমাগারে রাখা আলু তুলছেন না। প্রতি বস্তা আলুতে লোকসান গুনতে হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা। লোকসান হওয়ায় চলতি মৌসুমে আলু চাষে কৃষকদের আগ্রহ নেই। টেকনাফ সদরের লেঙ্গুরবিল গ্রামের কৃষক নবী হোসেন বলেন, আলুর দাম কম থাকায় এবার আগাম আলুর চাষ করা হয়নি। আলুর বদলে বেগুন, মুলা, শিম, লালশাক, লাউ, বরবটি, টমেটোসহ অন্যান্য সবজির চাষ হচ্ছে।টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, গত মৌসুমে টেকনাফে কৃষক ও ব্যবসায়ীরা যে দামে আলু কিনেছিলেন, এখন মৌসুমের শেষ দিকেও দাম একই রকম রয়েছে। এতে ব্যবসায়ী ও কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। এ কারণে আলু চাষ গত বছরের তুলনায় অনেক কম হচ্ছে।