আলু চাষে আগ্রহ হারাচ্ছেন জয়পুরহাটের কৃষকেরা
আলু চাষ করে টানা দুই বছর লোকসান হওয়ায় আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন জয়পুরহাটের কৃষকেরা। এবার তাঁদের অনেকেই আলুর বদলে সরিষা চাষে ঝুঁকেছেন। আলুর বাজারে ধস নামায় কৃষকেরা চলতি মৌসুমে আলু চাষের ঝুঁকি নিতে চাচ্ছেন না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জয়পুরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, গত মৌসুমে জেলায় ৪০ হাজার ৬০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। এবার ৩৭ হাজার ৮০২ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছয় লাখ ৮৪ হাজার ২১৬ মেট্রিক টন। গত বছর জেলায় সরিষা চাষ হয়েছিল পাঁচ হাজার হেক্টর জমিতে। এবার সরিষা চাষ হয়েছে ছয় হাজার ৩৪৮ হেক্টর জমিতে।ক্ষেতলাল উপজেলার দক্ষিণ হাটশহর গ্রামের আশরাফ আলী মণ্ডল জানান, তিনি গত দুই মৌসুমে ১২ বিঘা জমিতে আলু চাষ করেন। দুই বছরই তাঁর বেশ লোকসান হয়েছে। তাই এ বছর তিনি ছয় বিঘা জমিতে আলু চাষের সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মৌসুমে ইউরিয়া সার ও জ্বালানি তেলের দাম বাড়ায় আলুর উৎপাদন-খরচ বাড়বে। এ কারণে বেশি টাকা খরচ করে তিনি আলু চাষের ঝুঁকি নিতে চাচ্ছেন না। তিনি কিছু জমিতে সরিষা চাষ করেছেন। বাকি জমিতে পরে বোরো চাষ করবেন।গত বছর পাঁচ বিঘা জমিতে আলু চাষে ৬০ হাজার টাকা খরচ করে ২০-২৫ হাজার টাকা লোকসান হয়েছে কালাই উপজেলার হাতিয়র গ্রামের কৃষক জোবায়েদ হোসেনের। এবার তিনি বাড়িতে খাওয়ার জন্য ৪৯ শতক জমিতে আলু চাষ করবেন। আওড়া গ্রামের সিদ্দিক হোসেন জানান, গত বছর তিনি পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। এবার তিন বিঘা জমিতে আলু চাষ করবেন। আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের আলুবীজ ব্যবসায়ী আতাউর রহমান জানান, গত বছর এ সময়ে তিনি ৬০০ বস্তা আলুবীজ বিক্রি করেছিলেন। এ বছর এ পর্যন্ত ২০০ বস্তা আলুবীজও বিক্রি করতে পারেননি। বাকিতে আলুবীজ কেনার কৃষকও পাচ্ছেন না।জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি সার ডিলার আবদুল মান্নান জানান, গত বছর এ সময়ে যে পরিমাণ সার বিক্রি হয়েছে, এ মৌসুমে তার সিকি ভাগও বিক্রি হয়নি। তিনি বলেন, ধানের বাজার কম, ইউরিয়ার দাম বেশি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং গত বছরের লোকসানের কারণে এবার ভয়ে আলুচাষিরা আলু আবাদে আগ্রহ হারিয়ে ফেলছেন। এ কারণে সার বিক্রি কমে গেছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাট কার্যালয়ের শস্য উৎপাদন বিশেষজ্ঞ হজরত আলী বলেন, আলুবীজ লাগানোর আরও ১৫-২০ দিন সময় আছে। তারপর বলা যাবে, আলু চাষ গত বছরের চেয়ে কম না বেশি হবে।