‘পর পর দুই বছর আলু লাগাইয়া মাইর খাইলাম। গতবারের আলু এহনও সব বেচতে পারি নাই।’বলছিলেন মুন্সিগঞ্জের সদর উপজেলার রনছ এলাকার কৃষক মো. লাভলু। গত শুক্রবার সকালে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। রনছ এলাকার কাটাখালীর চরে আলু লাগাচ্ছিলেন। ‘গত বছর এক কানি জমিতে আলু লাগাইছিলাম। এইবার এক কানি থেইক্যা কিছু কম হইব। কি করমু, মাটি তো আমাগো ঠকায় না, ফলন ভালোই দেয়। কিন্তু বেচতে গিয়া দাম পাই না।’ লাভলুর মতোই ব্যস্ত মুন্সিগঞ্জের আলুচাষিরা। কৃষকেরা বলছেন, এবার ইউরিয়া ছাড়া অন্যান্য সার ও বীজের দাম তুলনামূলক কম। তার পরও এবার কৃষকদের উৎসাহ কম। আলু নিয়ে গত দুই বছরের তিক্ত অভিজ্ঞতাই এর বড় কারণ। হিমাগারগুলোতে এখনো গত বছরের আলু অনেক অবিক্রীত রয়ে গেছে। তবে লোকসানের দুশ্চিন্তা মাথায় নিয়েই কৃষকেরা এবার আলু চাষ করছেন। মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩৪ হাজার ৮২১ হেক্টর জমিতে। ২০১০-১১ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩৭ হাজার হেক্টর; তবে আবাদ হয়েছিল ৩৮ হাজার ৬ হেক্টর জমিতে। আলু উৎপাদন হয়েছিল ১১ লাখ ৯৭ হাজার ১০০ মেট্রিক টন। আর ২০০৯-১০ অর্থবছরে ৩৬ হাজার ৬৭০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল ১১ লাখ ৭৩ হাজার ৪৪০ মেট্রিক টন। জেলার মোট ৭১টি হিমাগারের মধ্যে ৬৭টি সচল রয়েছে। সেগুলোর ধারণক্ষমতা সাড়ে চার লাখ মেট্রিক টন। অধিদপ্তর সূত্রমতে, মুন্সিগঞ্জে বর্তমানে আলুচাষির সংখ্যা ৭৮ হাজার। তবে বারবার লোকসানের শিকার হয়ে দিন দিন এ সংখ্যা কমছে। আলুচাষিরা জানান, দাম কম হওয়ায় গত বছরের আলু এখনো হিমাগারেই রয়েছে। কৃষকেরা ভাড়া দিতে ব্যর্থ হওয়ায় হিমাগার মালিকেরা কৃষকের আলু নিয়ে নিচ্ছেন। সদর উপজেলার কাটাখালী গ্রামের আলুচাষি আবদুল হামিদ বলেন, গত দুই বছরে আলু চাষে তাঁর লোকসান হয়েছে আড়াই লাখ টাকা। তিনি এ বছর আলু চাষ করতে ৬০ হাজার টাকা ধার করেছেন। এবার লোকসান হলে মরণ ছাড়া উপায় নেই। বিক্রমপুর মাল্টিপারপাস হিমাগারের ব্যবস্থাপক মো. হান্নান জানান, তাঁর হিমাগারে এখনো কৃষক ও ব্যবসায়ীদের ১৮ হাজার বস্তা আলু রয়ে গেছে। আলুর মালিকদের সঙ্গে করা চুক্তি অনুযায়ী সেগুলো ৩০ নভেম্বর পর্যন্ত হিমাগারে রাখার কথা ছিল। কিন্তু দাম কম হওয়ায় এখন তাঁরা আলু নিচ্ছেন না। তাঁদের লোকসানের কথা বিবেচনা করেই হিমাগারে আলু রাখার সময় ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর পরও তাঁরা আলু না নিয়ে গেলে বাধ্য হয়ে সেগুলো বিক্রি করে হিমাগারের ভাড়া মেটাতে হবে। সার-বীজের দাম কম, তবু আগ্রহ নেই: এ বছর বিএডিসির আলুবীজ এ গ্রেড ১৬ টাকা কেজি এবং বি গ্রেড ১৪ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বেশি চাহিদাসম্পন্ন হল্যান্ডের আলুবীজ (প্রতি বাক্স) এ বছর চার থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে, গত বছর যা সাত থেকে সাড়ে সাত হাজার টাকায় বিক্রি হয়েছিল। আর টিএসপি সার প্রতি বস্তা (৫০ কেজি) এক হাজার টাকা ও এমওপি পটাশ ৭৫০ টাকা বস্তা বিক্রি হচ্ছে, যা গত বছরের তুলনায় কম। তবে ইউরিয়া সারের দাম বেশি। এবার প্রতি বস্তা ইউরিয়া এক হাজার টাকায় কিনতে হচ্ছে।মুন্সিগঞ্জে বিএডিসির সার ও বীজের ডিলার নোওয়াব আলী জানান, বীজের দাম অনেক কম। তার পরও কৃষক এ বীজ কিনছেন না। জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান বলেন, টানা দুই বছর লোকসানের কারণে এবার সার ও বীজের দাম কম হওয়ার পরেও আলু চাষে কৃষকের আগ্রহ কম। তবে কী পরিমাণ আলু এখনো হিমাগারে রয়েছে, তার সঠিক পরিমাণ তিনি জানাতে পারেননি।