আলু নিয়ে বিপাকে
ভালো দাম পাওয়ার আশায় হিমাগারে আলু রেখে বিপাকে পড়েছেন রংপুরের তারাগঞ্জের ব্যবসায়ী ও চাষিরা। বাজারে দাম ও চাহিদা না থাকায় তাঁদের লোকসান গুনতে হচ্ছে। বিক্রি করতে না পারায় হিমাগারে পড়ে আছে হাজার হাজার বস্তা আলু। এতে প্রতিদিনই তাঁদের হিমাগার ভাড়া বাড়ছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এখানে তিন হাজার ৯০০ হেক্টর জমিতে গত মৌসুমে আলুর চাষ হয়েছে। কিন্তু উপজেলার তিনটি হিমাগারে উৎপাদিত আলু সংরক্ষণ করতে না পারায় ব্যবসায়ী ও চাষিরা বিপাকে পড়েন। অনেকে অধিক টাকায় হিমাগারে আলু রাখেন। কিন্তু দাম পড়ে যাওয়ায় চাষি ও ব্যবসায়ীরা এখন পড়েছেন বিপাকে।সরেজমিনে হিমাগারগুলোয় বিপুল পরিমাণ আলু দেখা যায়। হিমাগার কর্তৃপক্ষ জানায়, বিগত বছরগুলোয় এ সময় আলু কেনাবেচার চাপ থাকলেও এবার তা হয়নি।উপজেলার ইকরচালী ইউনিয়নে অবস্থিত এনএন কোল্ডস্টোরেজের মহাব্যবস্থাপক আনিছুর রহমান জানান, এবার এখন পর্যন্ত তেমন আলু বিক্রি হয়নি। বিপুল পরিমাণ আলু এখন হিমাগারে রয়েছে।সিন্হা কোল্ডস্টোরেজের ব্যবস্থাপক দুলাল হোসেন জানান, তাঁদের হিমাগারে রাখা এক লাখ ১০ হাজার বস্তা আলুর মধ্যে মাত্র ১৪ হাজার বস্তা আলু বের হয়েছে। অন্যান্য বছর এ সময় হিমাগারে অর্ধেকের বেশি আলু বিক্রি হয়ে যায়।জগদীশপুর গ্রামের আলু ব্যবসায়ী হোসেন আলী ও সোলায়মান জানান, তাঁরা কয়েক বছর ধরে হিমাগারে আলু রেখে বেচাকেনা করেন। এ বছর এখন তাঁদের বসে থাকতে হচ্ছে। ভালো দাম না পাওয়ায় চাষি ও ব্যবসায়ীরা আলু বিক্রি করছেন না। তাঁরা ভালো দামের আশায় বসে আছেন।আলুচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার হিমাগারে প্রতি বস্তা (৮৫ কেজিতে এক বস্তা) ডায়মন্ড জাতের আলু উৎপাদন ও রাখতে খরচ হয়েছে এক হাজার ৩০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৬০০ টাকা দরে। বার্মা জাতের আলু উৎপাদন ও রাখতে খরচ হয়েছে ৯০০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। গ্যানুলা জাতের আলু উৎপাদন ও রাখতে খরচ হয়েছে এক হাজার টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। এ ছাড়া কার্টিনাল ও স্টিক জাতের আলু উৎপাদন ও রাখতে খরচ হয়েছে এক হাজার টাকা, বিক্রি হচ্ছে ৮৫০ টাকা দরে।তারাগঞ্জ বাজারে আলু কিনতে আসা রংপুরের আলু ব্যবসায়ী আশেকুর রহমান জানান, বিগত বছরে তাঁরা এ সময় হিমাগার থেকে আলু কিনতেন। এ বছর এলাকার হাটবাজার থেকেই চাহিদামতো তাঁরা আলু কিনছেন কম দামে। সহজে হাটবাজারে আলু পাওয়ায় তাঁরা আর হিমাগারে ছুটছেন না। তাঁর মতে, চাষিরা হিমাগারে আলু রাখার জায়গা না পাওয়ায় বাড়িতেই রেখে এখন বাজারে বিক্রি করছেন। তাঁর এই বক্তব্যের সত্যতা পাওয়া গেল তারাগঞ্জ বাজারে আলু বিক্রি করতে আসা জগদীশপুর গ্রামের চাষি আফজাল হোসেন, বুড়িরহাট গ্রামের মমিনুল হক ও মেনানগর গ্রামের রাসিদুলের সঙ্গে কথা বলে। তাঁরা জানান, এ বছর আলু হিমাগারে রাখতে না পেরে বাড়িতে সংরক্ষণ করেছেন। এখন তা বিক্রি করছেন। আলু ব্যবসায়ী, হিমাগার কর্তৃপক্ষ ও চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাপক ফলনের কারণেই এ বছর আলুর দাম পাওয়া যাচ্ছে না। তবে রমজানের পর আলুর দাম বাড়তে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।