আলু নিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে শরীয়তপুর ও মুন্সিগঞ্জের গজারিয়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। আলুর দাম কম এবং সংরক্ষণের সুবিধা না থাকায় হাজার হাজার মণ আলু নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শরীয়তপুর কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে পাঁচ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। হেক্টরপ্রতি ৩০ মেট্রিক টন আলু উত্পাদন হয়েছে। বর্তমানে কৃষকেরা পাঁচ থেকে সাত টাকা কেজি দরে আলু বিক্রি করছেন।স্থানীয় কৃষকেরা জানান, শরীয়তপুরে কোনো হিমাগার নেই। আর মাদারীপুর ও ফরিদপুরের হিমাগারগুলো খালি না থাকায় কৃষকেরা আলু মজুদ করতে পারছেন না। হিমাগারে তিন থেকে চার মাস আলু মজুদ রাখতে পারলে তা বেশি দামে বিক্রি করা সম্ভব হতো।সদর উপজেলার চরসোনামুখী গ্রামের কৃষক আবদুর রহিম বলেন, আমি ৩০০ শতক জমিতে আলু চাষ করেছি। এ পর্যন্ত এক হাজার মণ আলু পেয়েছি। আরও ৩০০ থেকে ৪০০ মণ আলু পাওয়া যাবে। হিমাগারের অভাবে আলু মজুদ করতে পারছি না, এত আলু কোথায় রাখি?ডামুড্যা উপজেলার চর মালগাঁও গ্রামের মোহাম্মদ শিকদার বলেন, ২০০ শতক জমিতে আলুর চাষ করেছি। আলুর দাম কম থাকায় বিক্রি করতে পারছি না। হিমাগার না থাকায় মজুদও করতে পারছি না। আলু ব্যবসায়ী আবুল মাঝি বলেন, এ বছর ফলন ভালো হওয়ায় আলুর দাম কম। শরীয়তপুরে কোনো হিমাগার নেই। আর মাদারীপুর ও ফরিদপুরের বিভিন্ন হিমাগারে জায়গা না থাকায় আমরা আলু কিনতে পারছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শরীয়তপুরের উপপরিচালক গোপাল চন্দ্র রায় জানান, এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। দাম কম হওয়ায় কৃষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শরীয়তপুরে একটি হিমাগার খুবই দরকার। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় চলতি মৌসুমে প্রতি বিঘায় ৮০ থেকে ৯০ মণ আলু উত্পন্ন হয়েছে। বাউশিয়া গ্রামের কৃষক দুলাল মিয়া ও আবদুর রব জানান, প্রতি বিঘায় আলু উত্পাদনে খরচ হয়েছে ২৫ থেকে ২৭ হাজার টাকা। প্রতি মণ আলু ৩০০ টাকায় বিক্রি করলেও লাভ থাকে না। লক্ষ্মীপুর গ্রামের কৃষক ফজর আলী জানান, উপজেলায় পর্যাপ্ত হিমাগার না থাকায় চাষিরা কম মূল্যেই আলু বিক্রি করতে বাধ্য হন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর প্রায় তিন হাজার ৬০০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। প্রতি হেক্টর জমিতে গড়ে ৩৫ মেট্রিক টন আলু উত্পন্ন হয়েছে। আর গজারিয়ায় দুটি হিমাগারের ধারণক্ষমতা ১৬ হাজার মেট্রিক টন। উপজেলা কৃষি কর্মকর্তা এ এইচ এম রহমত উল্লাহ হিমাগারের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা স্বীকার করে বলেন, উত্পাদন ভালো হওয়ায় আলুর দাম কম। তারপরও কৃষকেরা উত্পাদন খরচ তুলতে পারবেন বলে তিনি দাবি করেন।