আলু নিয়ে বিপাকে কৃষক ব্যবসায়ী ও হিমাগার-মালিক
আলু আবাদের ভরা মৌসুমে কুড়িগ্রাম ও নীলফামারীতে দাম পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন আলুচাষি, হিমাগারের মালিক ও ব্যবসায়ীরা। বাজারে ক্রেতাও নেই।জানা গেছে, এ বছর কুড়িগ্রামের তিনটি হিমাগারে তিন লাখ ১০ হাজার বস্তা এবং নীলফামারীর ছয়টিতে প্রায় নয় লাখ টন আলু সংরক্ষণ করা হয়। নীলফামারীর জলঢাকা উপজেলার হাজি মোবারক কোল্ড স্টোরে গিয়ে দেখা গেছে, আলু তুলতে আসা কৃষক ও ব্যবসায়ীদের অধিকাংশই স্থানীয় জাতের দেশি বীজ আলু (বিলাতি আলু) তুলছেন। যাঁরা গ্রানুলা ও কার্ডিনাল জাতের আলু রেখেছেন, তাঁদের মধ্যে কেউ আলু স্টোরে বিক্রির চেষ্টা করছেন, আবার কেউ বীজের জন্য সীমিত আকারে উত্তোলন করছেন।ডিমলার শালহাটি গ্রামের কৃষক আবদুর রাজ্জাক বলেন, ‘আমি বিলাতি আলু (দেশি জাতের) বীজ হিসেবে পাঁচ বস্তা রেখেছি। তখন প্রতি বস্তা আলুর দাম ছিল এক হাজার ১০০ টাকা। এখন হিমাগারের ভাড়া ৩২০ টাকা, পরিবহন খরচ ৬০ টাকা এবং একটি বস্তা কিনতে হয়েছে ৭০ টাকায়। মোট খরচ হয়েছে ৪৫০ টাকা, এখন ওই আলুর দাম বাজারে প্রতি বস্তা ৯০০ টাকা।’ চিড়াভিজা গোলনা গ্রামের কৃষক আবদুস সামাদ বলেন, ‘ব্যবসায়ীরা ৩৫০ টাকায়ও আলুর বস্তা কিনতে চায় না। গ্রানুলা আলু এখন এমন হইছে যে মাগনায় দিলেও কেউ নেয় না।’কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের টুটা পাইকর গ্রামের কৃষক আবদুর রশিদ (৫৮) জানান, বর্তমান বাজার অনুযায়ী আলু বিক্রি করে বস্তায় ১০০ টাকা ফেরত পাবেন জেনেও আলু বিক্রি করতে চান। কিন্তু ক্রেতার অভাবে তা পারছেন না।ডিমলার ব্যবসায়ী মমিনুর রহমান বলেন, ‘গত বছর সাত হাজার বস্তা আলু কিনে হাজি মোবারক কোল্ড স্টোরে পাঁচ হাজার ৫০০ বস্তা এবং বাকি আলু নাটোর ও বগুড়ার হিমাগারে রেখেছি। তখন প্রতি বস্তা কার্ডিনাল খরচসহ পড়েছে ৬২০ টাকা এবং গ্রানুলা ৫২০ টাকা। এখন প্রতি বস্তা কার্ডিনাল ৬৩০ টাকা এবং গ্রানুলা ৩৯০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।হাজি মোবারক হিমাগারের পরিচালক তৌহিদ মারুফ চৌধুরী বলেন, ‘কৃষকেরা চুক্তি মোতাবেক ৩১ অক্টোবরের মধ্যে তাঁদের আলু তুলে নেবেন। আলুর বাজার এখন যা আছে, তার চেয়েও কমে গেলে কৃষকেরা আলু তুলবেন না। তখন আমাদের ভাড়ার টাকাও উঠবে না।’কুড়িগ্রামের রাজারহাটের হক হিমাগারের ব্যবস্থাপক শহিদুল হক জানান, এ বছর সংরক্ষণ করা এক লাখ ৪৫ হাজার বস্তা আলুর মধ্যে এ পর্যন্ত বিক্রি হচ্ছে মাত্র ৪০ হাজার বস্তা। বাবর কোল্ড স্টোরেজ লিমিটেডে এক লাখ ২০ হাজার বস্তার মধ্যে এ পর্যন্ত বিক্রি হয়েছে ৫০ হাজার বস্তা। আর সেকেন্দার বীজ হিমাগারে ৪৪ হাজার বস্তা আলুর মধ্যে বিক্রি হয়েছে মাত্র ১০ হাজার বস্তা।জলঢাকার মুক্তা হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক ও জলঢাকা উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী বলেন, ‘আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সরকারকে প্রস্তাব দিয়েছিলাম টিআর ও জিআরের সহায়তার সঙ্গে আলু দেওয়া গেলে কৃষকেরা কিছুটা হলেও উপকৃত হতেন। তাঁর মতে, ১০ কেজি চালের পরিবর্তে যদি পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আলু দেওয়া যায়, তাহলে উত্তরাঞ্চলের আলুচাষিরা আলু চাষে আগ্রহ হারাবেন না।’